২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মীর কাসেম বাহিনীর হামলায় ১ মহিলা নিহত, ১২ গুলিবিদ্ধসহ আহত ৩০

কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের চিকনি পাড়ায় কুখ্যাত মীর কাসেম বাহিনীর হামলায় এক মহিলা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জন মহিলাসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ জানায়, কালারমারছড়ার মীর কাশেম বাহিনীর ৩০/৪০ জন সদস্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এলাকার চিকনি পাড়ায় চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলার বাদি নুরুল হককে অপহরণের চেষ্টা চালায়। এ সময় নুরুল হকের পরিবারের লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে ১৩ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আয়েশা বেগম (৫৫) নামের এক মহিলাকে  মহেশখালী হাসপাতালে নেয়ার পর মারা যায়।

গুলিবিদ্ধ অপর ১২ জন হলো- পাখি বেগম (২৫), নাসিমা খাতুন (৫০), রোকেয়া (১৮). কোহিনূর (২৫), ছেনোয়ারা (৩৬), নেছারুল করিম (১০), সেবুত আরা (২৮), মিনু আকতার (২৪), নজির হোসেন (৩৫), জালাল আবেদীন (৩২), মুজিব (২২) এবং মোজাম্মেল (৩৫)। গুলিবিদ্ধ সকলকেই মহেশখালী ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় আরও ১৮জন আহত হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, দুই বছর আগে সংঘটিত মহিউদ্দিন হত্যা মামলার বাদি নুরুল হক ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।