২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া থেকে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা সোমবার রাতে রাজধানীর অদূরে আশুলিয়া থেকে নিষিদ্ধঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

র‌্যাব জানায় আটককৃত জেএমবি কমান্ডার এর নাম আব্দুল্লাহ আল-মারুফ আল সোহেল ওরফে আকাশ (২৫)। সে উত্তরা-টঙ্গী-গাজীপুর এলাকার জেএমবি’র আঞ্চলিক কমান্ডার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার রাতে আশুলিয়ার টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, ২০০৫ সালের ১৭ আগষ্টে দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।

আকাশের দেয়া তথ্য অনুযায়ী র‌্যাবের একটি দল টঙ্গী থানার পশ্চিম গাজীপুরা গ্রামের টাঙ্গাইল মেসে তল্লাশি চালিয়ে মেসের পেছন থেকে মাটির নিচে লুকানো অবস্থায় বেশ কিছু বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি লাইট গান (এলজি), ৪৮টি ডেটোনেটর, এক প্যাকেট পাওয়ার জেল, দুই প্যাকেট ওয়াটার জেল, এক প্যাকেট লিড নাইট্রেট, বৈদ্যুতিক সুইচ এবং বৈদ্যুতিক বাল্ব।