এসিসি কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হলে আমি পদত্যাগ করব: এসিসি চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (এসিসি) চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান সোমবার বলেছেন, কমিশন কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হলে আমি এসিসি’র চেয়ারম্যান পদ থেকে আমি পদত্যাগ করব।
যদিও তিনি বলেছেন, এসিসি পরবর্তী সপ্তাহের মধ্যে ৪৫টি মামলার চার্জশিট প্রদান করবে। কিন্তু কমিশনের কমিশনার মনিরুজ্জামান মিয়া ও কমিশনের অন্যান্য কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রপতি বিধিমালায় অনুমোদন না করলে চার্জশিট দাখিলের বিষয়টি কার্যকর হবে না।
বিচারপতি সুলতান হোসেন খান বলেন, কমিশনের বিধি ও গঠনতন্ত্র প্রণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিধিমালার বিষয়টি এখন মন্ত্রীপরিষদে রয়েছে এবং সেখান থেকে তা শিগগিরই সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাথে সোমবার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিচারপতি সুলতান হোসেন খান এ কথা বলেন।
এসিসি’কে শক্তিশালী করতে চলমান প্রকল্পের পিছনে এডিবি অর্থায়ন করছে।
ওই বৈঠকে এডিবি’র বাংলাদেশ প্রধান হুয়া দো উপস্থিত ছিলেন।
কমিশনারদের মধ্যে মতানৈক্য থাকার কারণে তা কমিশনের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হলে বিচারপতি সুলতান বলেন, মামলার চার্জশিট প্রদানকে কেন্দ্র করে কমিশনার মনিরুজ্জামান মিয়া ও মনিরুদ্দিন আহমেদের মধ্যে মতানৈকা রয়েছে।
এসিসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মনিরুজ্জামান মনে করেন বিধিমালা প্রণয়ন ছাড়া চার্জশিট প্রদান করা অসম্ভব। কিন্তু মনিরুদ্দিন মনে করেন, বিধি প্রণয়ন ছাড়াই চার্জশিট প্রদান করা সম্ভব।
তিনি বলেন, এসিসি’কে অল্প সময়ের মধ্যে আরো কার্যকর করতে অর্থমন্ত্রী ও এডিবি’র আবাসিক প্রতিনিধির সাথে আজ (সোমবার) আমরা বৈঠক করেছি।
কমিশনারদের মধ্যে মতানৈক্য নিয়ে মনিরুজ্জামান মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
আকাশ সমান আশা নিয়ে ২০০৪ সালের ২১ নভেম্বর এসিসি কার্যক্রম শুরু করে। এসিসি কর্মকর্তারা বলেন, কমিশনের গঠনতন্ত্র ও কার্যবিধি প্রণয়নে এডিবি অর্থ সহায়তা দিচ্ছে।
