বরিশালে দু’টি কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরিশাল নগরীতে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে সেমাই, বিস্কুট ও চানাচুর তৈরির দু’টি কারখানা ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রুস্তম আলী জানান, নগরীর মল্লিক রোডে আব্দুল আজিজ সরদারের মালিকানাধীন সেমাই ও চানাচুর তৈরির কারখানা ‘টাটা ফুড প্রোডাক্টসে’ সোমবার পৌনে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডে পাশ্ববর্তী আব্দুল মতিন সরদারের বিস্কুট তৈরির কারখানা নভলটি বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরিরও ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঝালকাঠির ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
