ঢাকা-আরিচা মহাসড়কে তামাক বোঝাই ট্রাক উল্টে যানবাহন চলাচল বন্ধ
সাভারের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে তামাক বোঝাই একটি ট্রাক উল্টে এর চালক নিহত হলে সোমবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাল বোঝাই ট্রাকটিকে সরানো সম্ভব না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক ওবায়দুল হক (৫০) নিহত এবং ট্রাক চালকের ভাই হেলপার দিদার (৩৫) ও তামাক ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫০টি তামাকের বস্তা নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো- ট-১১-১৪৭০) উত্তরবঙ্গের হারাগাছা থেকে ঢাকা আসছিলো।
অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এ দুর্ঘটনার ফলে রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে শত শত যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে।
স্থানীয় প্রশাসন পুলিশ এবং স্থানীয় লোকজনের সাহায্যে সড়ক থেকে ট্রাক এবং তামাক ভর্তি বস্তাগুলো সরানোর চেষ্টা করছে।
