বগুড়ায় পেট্রল-অকটেনের সংকট, হামলার ভয়ে অধিকাংশ পাম্প বন্ধ
বগুড়ায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে, টাকা দিয়েও মিলছে না। পাম্প মালিকরা এ জন্যে ডিপো ও জ্বালানি তেল কোম্পানিগুলোকে দোষারোপ করছেন। পাশাপাশি কিছু দোকানে মজুদদাররা উচ্চমূল্যে বিক্রি করায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার আশংকায় অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার দিনভর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানের পাম্পগুলোতে ঘুরে দেখা গেছে সামান্য ডিজেল থাকলেও কোথাও অকটেন বা পেট্রল নেই। ৩০টি পাম্পের মধ্যে কয়েকটিতে সামান্য পরিমাণ পেট্রল--অকটেন থাকলেও দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। ডিজেল থাকলেও পাম্পে হামলার আশংকায় মালিকরা বিক্রি করার সাহস পাচ্ছেন না।
টেম্পু চালকরা অভিযোগ করেন, সকাল থেকেই পেট্রল পাওয়া যায়নি। দু’একটি পাম্পে পাওয়া গেলেও তারা এক লিটারের বেশি দেয়নি। বিনিময়ে লিটার প্রতি ৮ থেকে ১০ টাকা বেশি নেয়া হয়েছে। আবার খোলা বাজারে বিভিন্ন মুদি দোকানে প্রতি লিটার ৬০ টাকা দাম রাখছে। কিন্তু এ ব্যাপারে জেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।
শহরে দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, ছয়দিন আগে তারা সাড়ে চার হাজার লিটার তেল বাঘাবাড়ি ডিপো থেকে পান। শুক্রবার দুপুরে তা শেষ হয়ে যায়। সামান্য ডিজেল থাকলেও ভয়েই বিক্রি করা সম্ভব হচ্ছেনা। তিনি জানান, সরবরাহ না এলে পেট্রল বা অকটেনচালিত যানবাহনগুলো বন্ধ হয়ে যাবে। শহরতলীর ফুলতলায় বগুড়া ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি করার পর পেট্রল--অকটেন শেষ হয়ে গেছে। বাঘাবাড়ি ডিপোতে তেল না থাকায় লরি খুলনা পাঠানো হয়েছে, শনিবার নাগাদ তা চলে আসবে। তিনি জানান, এতে লরি প্রতি সাত থেকে আট হাজার টাকা বেশি খরচ পড়বে। তাই তেলের মূল্য কিছুটা বেশি নেয়া হতে পারে।
বর্তমানে পেট্রোল বা অকটেন না পাওয়ায় যানবাহন মালিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাই যে কোন সময় পাম্পগুলোতে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ফলে অনেক স্থানে ভয়েই মালিকরা তাদের পাম্প বন্ধ করে রেখেছেন। অনেকে তেল না থাকার কারণ সম্পর্কে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন।
