ইজতেমা ময়দান থেকে ১৩ রোহিঙ্গা আটক
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাহিনী ইজতেমা ময়দান থেকে শুক্রবার মায়ানমারের মুসলিম বংশদ্ভুত ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে।
সূত্র জানায়, কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করে তারা।
আটককৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে তারা হল, নংগো থানার লুইজাহিঙ্গ গ্রামের মহিবুর রহমান (৫০), টংরো থানার জোরহালী গ্রামের করিমুল্লাহ (৪০), কিনারী থানার তোয়ান গ্রামের মোহাম্মদ আলী (২৩) এবং জিকির আহমেদ (২২) এবং মোনদু থানার রুহুল কবির।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ প্রশাসন জানায়, গোয়েন্দা পুলিশ প্রথমে সন্দেহজনকভাবে চলাফেরার জন্য ইজতেমা পাঙ্গণ থেকে বেলা ১২টার দিকে মহিবুরকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে গোয়েন্দা বিভাগ ও র্যাব বাহিনী অন্য ১২ জনকে আটক করে।
একজন কর্তব্যরত গোয়েন্দা পুলিশ জানান, “আটক রোহিঙ্গা বাহিনী পাসপোর্ট ছাড়াই ইজতেমায় এসেছে”।
পরে আটককৃতদের র্যাব হেফাজতে নেয়া হয়।
