বন্দর নগরীতে নাছির-নোমান গ্রুপের সংঘর্ষে আহত ৮
বন্দর নগরী চট্টগ্রামে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমানের সমর্থক দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে বৃহস্পতিবার এক সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দলীয় ব্যানারে সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মীর মোহ্ম্মাদ নাছির উদ্দিনের নাম না থাকায় তার সমর্থকরা ব্যানারটি ছিড়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
নগরীর নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চের সামনে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নাসির গ্রুপের উত্তেজিত সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
পরবর্তীতে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপি’র কমপক্ষে আটজন কর্মী আহত হয়। আহতদের অধিকাংশই মীর নাসিরের সমর্থক।
আহতদের মধ্যে একজন নগর ছাত্রদলের নেতা কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে নগর বিএনপি’র কার্যালয়ের পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কার্যালয়টি ঘিরে রেখেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পশু সম্পদ মন্ত্রী নোমান ও হুইপ ওয়াহিদুল আলম বিডিনিউজকে বলেন, তারা দলীয় কার্যালয়ে না যাওয়ায় সেখানে কি ঘটেছে তা তারা জানেন না।
