২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান অনুযায়ী সরকার যথাসময়ে নির্বাচন দিতে চায়: রোকার প্রতি মোর্শেদ

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকাকে বলেছেন, সংবিধান অনুযায়ী সরকার যথাসময়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিন দিনের আনুষ্ঠানিক সফরের প্রথম দিনে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছার পর ক্রিস্টিনা রোকা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ কথা বলেন।

সফরে রোকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান ও পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সাথে রোকা বৈঠক করলেও সে ব্যাপারে সাংবাদিকদের কোনো কিছু জানাতে তিনি রাজি হননি।

তবে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেছেন, রোকা মুসলিম গণতন্ত্রের জন্য বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন এবং উগ্রবাদী সন্ত্রাসীদের মোকাবিলা করতে সরকার যে যে পদক্ষেপ নিয়েছে, তার প্রশংসা করেছেন।

হেমায়েতউদ্দিন সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের পরিচালিত লড়াই অব্যাহত থাকবে বলে রোকা আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের সনাক্ত করার ব্যাপারে আমাদের দৃঢ় প্রতিশ্র“তির কথা আমরা তাকে (রোকা) বলেছি। তাদের প্রতি কোনো ক্ষমা প্রদর্শন করা হবে না এবং আমরা তাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার  দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে তারা (রোকা-মোর্শেদ) আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে তারা একে অপরের প্রতি আহ্বান জানিয়েছেন।

সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের মধ্যে সংগঠিত সহযোগিতা সম্পর্কে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হেমায়েতউদ্দিন বলেন, মার্কিন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শেষে বিষয়টি সম্পর্কে জানানো হবে।

এদিকে সূত্র জানিয়েছে, সরকারের জঙ্গিবিরোধী পদক্ষেপের প্রশংসার পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের নিশ্চয়তা সংক্রান্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি চিঠি রোকা নিয়ে এসেছেন বলে জানা গেছে। তবে পররাষ্ট্র সচিব বুশের চিঠি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

সূত্রটি জানায়, মার্কিন নীতি এখন সন্ত্রাসবিরোধী লড়াইয়ের আলোকে দুই দেশের পূর্ণ অংশীদারিত্বের সাফল্যের সাথে জড়িত প্রধান প্রধান ইস্যুর ওপর গুরুত্বারোপ করছে।

ইস্যুগুলোর মধ্যে রয়েছে, ইসলামি উগ্রবাদীদের সাথে সম্পর্ক রয়েছে এমন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, মুদ্রা পাচার রোধে সম্প্রতি উত্থাপিত বিল পাস করা, কমপ্রিহেন্সিভ কনভেনশন অ্যাগেইনস্ট ইন্টারন্যাশনাল টেরোরিজমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশকে রাজি করানো, বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানে গ্রেপ্তার ও বিচার ইত্যাদি।