বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে মুসলিম উম্মার প্রতি শেখ হাসিনার অভিনন্দন
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বৃহস্পতিবার মুসলিম উম্মা ও সারা বিশ্বের জনগণের উন্নতি কামনা করেছেন।
টঙ্গীতে তুরাগ নদীর পূর্ব তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমার প্রাক্কালে বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, ঢাকার শহরের পার্শ্ববর্তী এলাকায় হাজার হাজার মুসলমান মুসলিম উম্মার বন্ধুত্ব, ঐক্য ও অগ্রগতি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় সমবেত হবেন।
তিনি বলেন, স্বাধীনতার পরপরই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাবিশ্বে বিশ্ব ইজতেমার বিষয়টি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। তিনি কাকরাইল মসজিদ স্থাপনের জন্য স্থায়ী জমি বরাদ্দ প্রদান করেন। এছাড়া তিনি পার্শ্ববর্তী এলাকা ভারাটকরণ ও পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেন বলে শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন।
শেখ হাসিনা তার বার্তায় আওয়ামী লীগ সরকারের আমলে ইজতেমা মাঠের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বিশ্ব ইজতেমার মুসুল্লিদের সুবিধার জন্য আওয়ামী লীগ সরকার পাঁচটি সংযোগ সড়ক নির্মাণ ও গভীর নলকূপগুলোর উন্নয়ন করেছে।
তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে বৈষম্য, অবিচার, অত্যাচার, বিদ্বেষ, সংঘাত ও সন্ত্রাসের অবসান কামনা করেন।
