২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজারবাগ পুলিশ লাইনে ৫০০ আসন বিশিষ্ট মহিলা পুলিশ ব্যারাকের উদ্বোধন

দেশে প্রথমবারের মত মহিলা পুলিশদের জন্যে বুধবার রাজারবাগ পুলিশ লাইনে ৫০০ আসনের একটি ব্যারাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) আওতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমান নয়। সেও জেএমবি সদস্য, আবিদুর রহমান।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই মহিলা পুলিশ ব্যারাকটি মহিলা পুলিশদের জন্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যা তাদের কাজের ক্ষেত্রকে আরো সুবিধাজনক করে তুলবে। তিনি তাদের সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

একটি সূত্র জানায়, বাংলাদেশে মোট ১,০০০ মহিলা পুলিশ কাজ করছে যার মধ্যে চারশ’ জন ঢাকায় কর্মরত।

এতদিন মহিলা পুলিশদের থাকার কোন জায়গা ছিলোনা। বেশিরভাগ মহিলা পুলিশই নিজেদের থাকার ব্যবস্থা নিজেরাই করে নিতেন। তাদের কেউ কেউ  রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে পরিত্যক্ত কোন বাড়িতে থাকতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইজিপি আব্দুল কাইয়ুম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক আব্দুল আজিজ সরকার।