নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, সকল প্রস্তুতি সম্পন্ন
নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুক্রবার থেকে রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। বিশ্ব ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
২৭ জানুয়ারি শুক্রবার থেকে তাবলীগ জামাত আয়োজিত তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হবে এবং ২৯ জানুয়ারি রোববার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৪১তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে বিদেশী অতিথিরা ইতোমধ্যে দলে দলে আসতে শুরু করেছেন।
ইজতেমার নির্দিষ্ট স্থানের বিশাল মাঠে চটের প্যান্ডেল, অস্থায়ী অজুখানা, টয়লেট ও গোসলখানা তৈরিসহ মাঠ পর্যায়ের অন্যান্য কাজ ও অবকাঠামোগত প্রস্তুতি প্রায় শেষ।
বিশ্ব ইজতেমা উপলক্ষে ইজতেমার স্থান ও এর আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা, ব্যবস্থাপনা ও যাতায়াত তদারকি করতে ২০ হাজারেরও বেশি পুলিশ ও র্যাব সদস্য নিয়োজিত থাকবে। একই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার, বিডিআর ও সেনা সদস্যরাও নিরাপত্তা রক্ষায় সক্রিয় থাকবে।
ইজতেমা মাঠের মূল গেইটসহ ১৭টি প্রবেশ পথে তিনটি করে মোট ৪৮টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। এছাড়া আরো ১৪টি ক্যামেরা ইজতেমা ময়দানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হবে।
বিশ্ব ইজতেমার নিরাপত্তা রক্ষায় এবারই প্রথম প্রায় ৬২টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
জানা গেছে, সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করার লক্ষ্যে মাঠের চারপাশে পুলিশ প্রহরার পাশাপাশি ২৭ জানুয়ারি থেকে কামাড়পাড়া, মন্নু ট্রাক স্ট্যান্ড, টঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় এবং স্টেশন রোডে চারটি ভিন্ন ভিন্ন চেকপোস্ট বসানো হবে।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সৌদি আরব থেকে আগত মুসল্লিরা বর্তমানে কাকরাইল মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে অবস্থান করে মুসল্লিদের তাবলীগের দাওয়াত দিচ্ছেন।
সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে বিভিন্ন কাজে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন, এলজিইডি বিভাগ, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস, টঙ্গী পৌরসভা, গাজীপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।
