উদীচী হত্যা মামলার শুনানি ২৬ জানুয়ারি
যশোরের উদীচী হত্যা মামলার বিচারের শুনানি ২৬ জানুয়ারি শুরু হচ্ছে। ইতোমধ্যে এ মামলায় ৬৪ জনের মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।
মামলাটি বর্তমানে জেলা স্পেশাল জজের বিচারাধীন আছে।
আদালত সূত্রে আরও জানা যায়, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের টাউন হল ময়দানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির জাতীয় সম্মেলনের শেষ দিন পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত এবং অর্ধশত আহত হয়।
পরদিন কোতয়ালী থানার এসআই আজিজ বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলা নং- ২০, ৭/৩/৯৯।
প্রথম দিকে মামলাটি কোতয়ালী পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে তা সিআইডির ওপর ন্যস্ত নয়।
সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিনআকন্দ ওই বছর মামলাটি তদন্ত সাপেক্ষে ২৪ জনকে আসামী করে ১৪ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।
আসামীদের মধ্যে বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলামও ছিলেন। পরে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের নির্দেশে তিনি মামলা থেকে অব্যাহতি পান।
