২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ পুলিশের হাতে শায়খ আব্দুর রহমানের গ্রেপ্তারের খবর কর্তৃপক্ষের অস্বীকার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর প্রধান শায়খ আবদুর রহমানকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, ঢাকা সোমবার তা অস্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় সোমবার প্রকাশিত বিভিন্ন রিপোর্টে বলা হয়, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে রাজ্য পুলিশ জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।

কিন্তু বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেছেন, আমরা পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আবদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে বলে তারা আমাদের জানিয়েছে।

ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন,  গ্রেপ্তারকৃত আবদুর রহমান যে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান নয়, সে বিষয়টি পশ্চিমবঙ্গের কর্মকর্তারা আমাদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বারাসাতে দায়েরকৃত বোমা বিস্ফোরণ মামলায় আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতার একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, মুর্শিদাবাদে পৃথক অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ দুই ব্যক্তিতে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একজন সাদেকুর রহমান ওরফে চৌধুরী এবং ওবায়দুর রহমান।

কলকাতার একটি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাথে যোগাযোগ করেনি।

এদিকে জি-নিউজ তাদের সন্ধ্যার সংবাদে বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ইন্টারপোলের ওয়েবসাইট থেকে শায়খ রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ছবি ডাউনলোড করেছে। ডাউনলোডকৃত একজনের ছবির সাথে বারাসাত থেকে গ্রেপ্তারকৃত সাদেকুর রহমানের চেহারার মিল রয়েছে বলে তারা জানিয়েছে।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সালেহ শিবলী বিডিনিউজকে বলেন, প্রেস থেকে তারা বিষয়টি সম্পর্কে জেনেছেন।

সালেহ শিবলী আরও বলেন, স্থানীয় পত্রিকাগুলো তাদের প্রতিবেদনে বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের সাথে শায়খ রহমানের সাদৃশ্য রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ গ্রেপ্তার সম্পর্কে আমাদের কিছু অবহিত করেনি।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের রিপোর্ট থেকে তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন।