রংপুরে হরতাল চলাকালে ১৪ দলের নেতাকর্মীদের সাথে পুলিশ ও যুবদল কমীদের সংঘর্ষে আহত ৬০
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সকাল--সন্ধ্যা হরতাল চলাকালে রংপুরের কাচারী বাজার এলাকায় ১৪ দল নেতাকর্মীদের সাথে পুলিশ ও যুবদলের মধ্যে চার ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ কমপক্ষে ৬০ জন আহত হয়। পুলিশ এসময় ১৪ দলের নেতা কর্মীদের ওপর লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
আহতদের মধ্যে আওমীলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু, কোয়েল, মিন্টু, রুমি, জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জাসদ শহর কমিটির সাধারণ সম্পাদক মাসুদ-উন-নবী মুন্না, ছাত্রলীগ নেতা শ্যামলকে গ্রেপ্তার করেছে। এসময় হরতাল সমর্থকরা দুটি মোটর সাইকেল ও কয়েকটি রিকশা ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে ১৪ দলের একটি মিছিল পুলিশ লাইনের কাছে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে গেলে পুলিশ মিছিলকালীদের ওপর বেধড়ক লাটিচার্জ শুরু করে। এসময় মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলকারীরা সংগঠিত হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশের লাঠিচার্জে ১৪ দলের কমপক্ষে ৪০জন নেতাকর্মী আহত হয়।
অপরদিকে বেলা সাড়ে ১২ টায় দিকে ১৪ দলের নেতাকর্মীরা কাচারী বাজার এলাকায় পিকেটিং করার সময় পুলিশ তাদের ওপর আবারো লাঠি চার্জ শুরু করলে ১৪ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ২০ জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও আট রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশ শহর জাসদ শহর কমিটির সাধারণ সম্পাদক মাসুদ--উন--নবী মুন্না ও ছাত্রলীগ নেতা শ্যামলকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ১৪ দলের নেতাকর্মীরা কাচারী বাজার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
বেলা দেড়টার দিকে যুবদলের একদল সশস্ত্র কর্মী পুলিশের সামনে শ্রমিক নেতা আফতাবকে মারধর করে। এসময় তারা সুরভী উদ্যানের কাছে একত্রিত হয়ে হরতাল বিরোধী মিছিল নিয়ে কাচারী বাজার মূখে যেতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে হরতাল বিরোধী মিছিলটি টাউন হলের দিকে ফিরে গিয়ে আবারও পুলিশের বাধা উপেক্ষা করে বেলা ২টায় কাচারী বাজার এলাকায় লাঠিশোঠা নিয়ে ১৪ দল নেতাকর্মীদের ধাওয়া করে। এতে সেখানে কিক্ষুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ মারমূখী হওয়ায় ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান ছেড়ে দিয়ে পিছু হটে।
এদিকে ১৪ দল নেতা জেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল মনুসুর আহমদ অভিযোগ করে বলেন বিনা উস্কানিতে কোতয়ালী থানার ওসি বজলুর রশিদের নেতৃত্বে পুলিশ ও যুবদলের ক্যাডাররা ১৪ দলের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। অন্যদিকে কোতয়ালী থানার ওসি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পিকেটাররার জনগণের যানমালের ক্ষতি করার সময় পুলিশ বাধা দিলে ১৪ দল নেতাকর্মীরাই পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
