রাবিতে ৫৪৪ কর্মচারির বেপরোয়া তাণ্ডব, ২ শিক্ষকসহ ৩০ জন আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত সেই ৫৪৪ জন কর্মচারি শনিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনায় দু’জন শিক্ষক ও চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এসময় বিক্ষুব্ধ কর্মচারিরা উপাচার্য ও উপ উপাচার্যের কক্ষসহ বেশ কিছু অফিস কক্ষ ভাংচুর করে।
আগে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এই ৫৪৪ কর্মচারির নিয়োগ স্থায়ী না করে নতুন করে আবার কর্মচারি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে এ রকম খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে ছাত্র-শিক্ষকদের ওপর হামলা চালায়।
এদিকে এ ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক জরুরী সভা ডেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারির নিয়োগ বাতিলের দাবিতে রোববার থেকে তিন দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এক জরুরী বৈঠকে বসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল বলে জানা গেছে।
আহতদের মধ্যে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক ও সহকারি প্রক্টর মাহমুদুল হাসানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মচারিদের হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের শিক্ষক আব্দুল হাই তালুকদারও আহত হয়েছেন।
এদিকে আহত কর্মচারি সদর, মতিন, জহির, মনি, বিদ্যুৎ, বাবু ও শফিককে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ওই ৫৪৪ জন কর্মচারি তাদের নিয়োগ স্থায়ী করার দাবিতে দুপুর পৌনে ১টার দিকে বিক্ষোভ প্রদর্শনকালে এ তাণ্ডব চালায়। এসময় তারা বাস চলাচলে বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে বেশ কয়েকজন শিক্ষক বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করলে বিক্ষুদ্ধ কর্মচারিরা তাদেরকে মারধর করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ কর্মচারিদের ছত্রভঙ্গ করার সময় পুলিশ সদস্য সাখাওয়াত, আজিজুল হক, মামুন ও তোফাজ্জল আহত হয়।
২০০৪ সালে ১৯ এপ্রিল এই ৫৪৪ জন কর্মচারি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেলেও আজ পর্যন্ত তাদের চাকরি স্থায়ী করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্যসহ স্থানীয় বিএনপি--জামাত নেতারা এসব কর্মচারির কাছ থেকে বিপুল পরিমাণ উৎকোচের বিনিময়ে তাদেরকে নিয়োগ দিয়েছিলো বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে পরে একটি মামলাও হয়। ওই মামলা সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ালেও আজ পর্যন্ত এর কোনও স্থায়ী সমাধান হয়নি।
