২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বশীল সংবাদ পরিবেশনে করপোরেট-মিডিয়ার যৌথ ভূমিকা প্রয়োজন

দায়িত্বশীল সংবাদ পরিবেশনে করপোরেট-মিডিয়ার যৌথ ভূমিকা প্রয়োজন বলে মত দিয়েছেন দেশের ব্যবসায়িক ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শনিবার ঢাকার একটি স্থানীয় হোটেলে ‘ব্রিজিং করপোরেট সেক্টর এন্ড মিডিয়া” শীর্ষক একটি কর্মশালায় উপস্থিত ব্যবসায়িক ও গণমাধ্যম প্রতিনিধিগণ এ মত ব্যক্ত করেন।

করপোরেট নেতৃবৃন্দ করপোরেট বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর জোর দেন, অপরদিকে সংবাদ পেশাজীবীরা বলেছেন বিজ্ঞাপনদাতাদের স্বার্থ প্রভাবিত করছে সংবাদ পরিবেশনকে।

ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই), মানুষের জন্য- এর সহায়তায় আয়োজিত এ কর্মশালায় রেডিমেড গার্মেন্টস, চামড়া এবং ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

কর্মশালায় উপস্থিত বক্তারা করপোরেট হাউসগুলোতে শক্তিশালী জনসংযোগ শাখা গড়ে তোলার ওপর জোর দেন। তারা বলেন, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সঠিক সংবাদ পরিবেশনে বাধা তৈরি করছে।

তারা বলেন অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে দায়িত্বশীল মিডিয়া এবং করপোরেট ভূমিকা বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশে ডেলিগেশন অব ইউরোপিয়ান কমিশনের ট্রেড অফিসার জিল্লুল হাই রাজী বলেন, নিজেদের অবস্থান সম্পর্কে পরিস্কার ধারনা দিতে হলে করপোরেট হাউসগুলোকেই তথ্য-উপাত্ত প্রদানের জন্য প্রাথমিক প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে হবে। তা হলেই সঠিক সংবাদ পরিবেশন নিশ্চিত হবে। এদেশের হিমায়িত খাদ্যের ওপর ইউরোপীয় দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার উদাহরণ তুলে ধরে তিনি বাংলাদেশী গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেন।

বিজেএমইএ- এর কমপ্লায়েন্স কনসালট্যান্ট জেনিফার জাব্বার বলেন, এদেশের গণমাধ্যম সাধারণত একটি ঘটনার পার্শ্বিক চিত্র তুলে ধরে। এ প্রবণতা এমএফএ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করতে পারে।

এম.বি নিট ফ্যাশন- এর  স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হাতেম বলেন, বড় কোন দুর্ঘটনা ঘটলে গণমাধ্যমে সাধারণত নেতিবাচক দিকটিই বেশি করে তুলে ধরা হয়।

গ্লাক্সোস্মিথকায়েন বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক বলেন সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরও অধিক দায়িত্ববান হওয়া প্রয়োজন।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর এডভোকেসি ইউনিটের প্রধান এম. ইমামুল হক বলেন, গণমাধ্যমকে সঠিক তথ্য প্রদানের স্বার্থে করপোরেট হাউসগুলোতে যোগ্য স্পোকস পারসন নিয়োগ করা জরুরী।

বৈশাখী টেলিভিশন- এর সম্পাদক শওকত মাহমুদ বলেন, গণমাধমের সত্ত্বাধিকারীর ব্যবসায়িক স্বার্থ মিডিয়া কাভারেজ প্রভাবিত করে। তিনি আরও বলেন, শ্রমিকের নূন্যতম মজুরী এবং লেবার স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে  গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, গণমাধ্যম এবং করপোরেট হাউস উভয় ক্ষেত্রেই যোগ্যতা সম্পন্ন কর্মীর অভাব রয়েছে।

বিডি নিউজ  সম্পাদক রাশেদ চৌধুরী বলেন সংবাদের কাভারেজের ক্ষেত্রে বিজ্ঞাপন শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে।

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক রাশেদ-উন-নবী বলেন, গণমাধ্যম মানুষের কাছে দায়বদ্ধ। তিনি সাংবাদিকদের পেশাদারী হওয়ার ওপর জোর দেন।

কর্মশালায় এক মাসের একটি আধেয় বিশ্লেষণ, গণমাধ্যম গেইটকিপার এবং করপোরেট সেক্টরের ওপর পরিচালিত এসেসমেন্ট স্টাডি’র ফলাফল এবং ইতোমধ্যে শেষ হওয়া তিনটি গোলটেবিলের সুপারিশ উপস্থাপন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।