সিরাজগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে পুলিশ শুক্রবার ভোরে যমুনা চরাঞ্চলের দুর্গম স্থান থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চল আজুগরা চর এলাকা থেকে শুক্রবার ভোররাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ফারুক (৩২), রহিচউদ্দিন (২৮) এবং বাহারুল ইসলাম (৩৫) নামের ওই তিন আন্ত:জেলা ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশ এসময় ডাকাতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, চার রাউন্ড গুলি, দুটি রাম দা ও একটি মোবাইল সেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ডাকতদের বাড়ি চৌহালী উপজেলার গোদিয়া চাঁদপুর গ্রামে।
এ ব্যাপারে এনায়েতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
