২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শহীদ আসাদ দিবস

২০ জানুয়ারি শুক্রবার ১৯৬৯ এর গণ অভ্যুত্থানে দেশের স্বাধীনতার জন্য জীবন দানকারী শহীদ আসাদ দিবস পালিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

১৯৬৯ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আদায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিছিলরত অবস্থায় পুলিশের গুলিতে আসাদ শহীদ হন।

এই ঘটনার পরপরই পাকিস্তানের স্বৈরাচারী শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খানের সরকারের পতন ঘটে।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আসাদের এই মহান আত্মত্যাগের স্মৃতিচারণ করে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়েই সেসময়ের স্বৈরাচারী শাসনের পতন ঘটানো সম্ভব হয়েছিল।

এ আত্মত্যাগকে অনুসরণ করে এরপর থেকে সমস্ত বাঙালী জনতা রাজপথে নেমে এসে এসেছিল পাকিস্তানী সামরিক জান্তার বিরুদ্ধে তাদের অনাস্থা তুলে ধরার উদ্দেশ্যে। এভাবে গণ আন্দোলনের মাধ্যমেই এদেশ এক দিন স্বাধীনতা অর্জন করেছিল।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদ আসাদের মহান আত্মত্যাগের কথা দেশবাসী কখনই ভুলে যাবেনা।

বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা তার দেয়া বাণীতে বলেন, ১৯৬৯ সালে স্বৈরাচারী পাকিস্তানী শাসক আইয়ুব খানের শাসনের পতন ঘটানোর জন্য শহীদ আসাদই প্রথম আত্মত্যাগ করেন যা এ দেশবাসী সব সময়ই মনে রাখবে।

তিনি আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং কোন স্বৈরাচারী শাসকই জনতার রুদ্ররোষ থেকে রক্ষা পাবেনা।  

১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মকে স্বৈরাচার ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শিক্ষা দেবে।

শহীদ আসাদ পরিষদ এ দিবসটি উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ঢাকা মেডিকেল কলেজের সামনে এবং তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে তার কবরে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।