নওগাঁ জেলায় ১১২ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের ব্যাপক কর্মসূচি
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গত চার বছরে নওগাঁ জেলায় বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক এবং সংযোগ সড়ক নির্মাণ করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
সওজ সূত্র জানায়, ইতোমধ্যে এ সকল কর্মসূচির অধীনে ২১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে আট কিলোমিটার দীর্ঘ নওগাঁ শহর বাইপাস সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে।
এছাড়া সওজ নওগাঁর আওতায় ৯০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১৫৫ কিমি দীর্ঘ আরও দু’টি আঞ্চলিক মহাসড়ক এবং চারটি সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কগুলো হচ্ছে ২৬ কিমি দীর্ঘ নওগাঁ আত্রাই নাটোর সড়ক, ১৬ কিমি দীর্ঘ আত্রাই সিংড়া সংযোগ সড়ক, আড়াই কিমি দীর্ঘ মান্দা প্রসাদপুর সড়ক, ১৬ কিলোমিটার দীর্ঘ গোদাগাড়ী নাচোল নিয়ামতপুর মান্দা সড়ক, ৪৮ কিমি দীর্ঘ মান্দা নিয়ামতপুর শিবপুর পোরশা আঞ্চলিক মহাসড়ক এবং ৪৭ কিমি দীর্ঘ মহাদেবপুর সরাইগাছী পোরশা আঞ্চলিক মহাসড়ক।
সড়কগুলোর কাজ সম্পন্ন হলে নওগাঁ, রাজশাহী ও নাটোর তিনটি জেলার বিভিন্ন উপজেলার কয়েক লাখ লোক উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ পাবে।
