বগুড়ার বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১৮
বগুড়ার সোনাতলায় বৃহস্পতিবার বিএনপি’র দুই গ্র“পের সংঘর্ষে ১৮ টি মোটর সাইকেল ও পাঁচটি মাইক্রোবাস ভাংচুর এবং ১৮ জন আহত হয়েছে।
স্থানীয় থানার কর্মকর্তা অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ মহিদুল ইসলাম রিপন নিজ এলাকায় এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এ হামলার শিকার হন।
স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমান মানুর নেতৃত্বে সন্ত্রাসীরা রিপনসহ অন্যদের আক্রমণ করে। এ সময় সন্ত্রসীরা সবাইকে বেপরোয়াভাবে মারধর করে। এ সময় মহিদুল ইসলাম রিপন একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা এক ঘণ্টা ওই বাড়িটি ঘেরাও করে রাখে।
বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে আলহাজ মহিদুল ইসলাম রিপন অভিযোগ করেন।
জানা যায়, এলাকায় মানু নিজেকে নব্য বাংলা ভাই বলে প্রচার করে আসছে এবং তার নিজ গ্রাম পশ্চিম করমজায় গত এক বছর ধরে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। মানুর বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে অনেক গ্রামবাসী গ্রামছাড়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্র আরও জানায়, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগে ঈদ উল আযহার একদিন আগে তাকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও স্থানীয় বিএনপি সাংসদের শুভদৃষ্টি থাকায় পুলিশ তার বিরুদ্ধে কোনও প্রকার কার্যক্রম গ্রহণ করতে পারে না।
সোনাতলা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, মহিদুল ইসলাম রিপন তার ওপর হামলার জন্য মানু এবং মঞ্জুর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
