২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিলে গ্যারি হিউমের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে রোববার

রাজধানীর ফুলার রোডস্থ ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ২২ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রিটেনের বহুল আলোচিত শিল্পী প্রজন্ম ইয়াং ব্রিটিশ আর্টিস্টস সংক্ষেপে ‘ওয়াই-বি-এ’ এর অন্যতম সদস্য ও চিত্র শিল্পী গ্যারি হিউম ও তার শিল্পকর্ম নিয়ে একটি পরীক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

লন্ডনের গোল্ডস্মিথ কলেজ গ্রাজুয়েট হিউম (৪৩) ইতোমধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার নামকরা গ্যালারিগুলোতে পঞ্চাশটিরও বেশি একক ও গ্র“প প্রদর্শনীর আয়োজন করেছেন।

হিউম ১৯৯৬ সালে টার্নার পুরস্কারের জন্য মনোনীত শিল্পীদের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন এবং সে বছরই তিনি ‘সাও পাওলো বিয়েনাল’ এ নিজ দেশের প্রতিনিধি শিল্পী হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালে পৃথিবী বিখ্যাত চারুকলা প্রদর্শনী ‘ভেনিস বিয়েনাল’ এ নিরীক্ষামূলক কাজ উপস্থাপন করে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছিলেন।

বাংলাদেশের খ্যাতিমান শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ অনুষ্ঠানটি পরিচালনা করবেন বলে বুধবার ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ব্রিটিশ কাউন্সিল ধারাবাহিকভাবে প্রতিমাসে একটি করে সমকালীন ব্রিটিশ শিল্পীদের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন শুরু করেছে। তার ধারাবাহিকতায় এটি হচ্ছে পঞ্চম প্রদর্শনী। স্থাপত্যকলা, ভাস্কর ও চারুকলার ছাত্র-ছাত্রীদের মধ্যে সমকালীন ব্রিটিশ চারু শিল্পের বিষয়ে ধারনা দেয়া এবং সেই সাথে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী, শিল্পী সমালোচক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিল্পী ও শিল্পীর কাজ নিয়ে আলোচনা ও মতবিনিময় করাই হচ্ছে এ প্রদর্শনীর লক্ষ্য।