কুষ্টিয়ায় গ্যাসের সন্ধান লাভ ?
কুষ্টিয়া সদর উপজেলার জগতি ইউনিয়নের বড়িয়া টাকিমারা গ্রামের একটি মাঠে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত পাঁচ দিন ধরে এ মাঠের মাটি ফুঁড়ে অনবরত আগুন জ্বলছে।
টাকিমারা গ্রামের আবু জাফর রুহুল আমীন আইডিয়াল নিু মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিমে জিকে সাব ক্যানেলের পেছনের একটি আবাদি জমিতে সেচ সুবিধার জন্য গত ৭ জানুয়ারি শ্যালো মেশিন দিয়ে পানি তুলতে মাটি বোরিং করে পাইপ বসানো শুরু করেন। ২০ ফুট নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে বুদবুদ উঠতে থাকে। পরবর্তীতে ৬০ ফুট গভীরে একইভাবে আরেকটি লেয়ারে বুদবুদ উঠতে থাকে। এভাবে ১২০ ফুট গভীরে যাওয়ার পর মাটির নিচ থেকে উর্ধ্বমুখী প্রবল চাপের কারণে নিচের অংশের পাইপ বিস্ফোরিত হয়ে ফেটে যাওয়ায় আর পাইপ বসানো সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বুদবুদ উঠা স্থানে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে সেখানে আগুন জ্বলে উঠে। তারা ওই পাইপের সাথে পেপে পাতার ফাপা নল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয়ায় গত পাঁচদিন ধরে সেখানে বিরামহীনভাবে আগুন জ্বলছে।
রুহুল আমীন বিডিনিউজকে জানান, ওই স্থানে পাইপের মাধ্যমে পানি তুলতে না পারায় পাশের ২০-২৫ ফুট দূরে একইভাবে মাটি ফুঁড়ে পাইপ বসানোর সময় সেখানেও ২০ ফুট গভীরে বুদবুদ হতে থাকে। তবে বুদবুদ উঠলেও ওই স্থান থেকে পানি তোলা সম্ভব হয়।
খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ. নাসের চৌধুরী সরেজমিনে গিয়ে দেখেন।
তিনি এ বিষয়টি বিভাগীয় কমিশনার ও জ্বালানি মন্ত্রণালয়কে অবহিত করেন এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ দল পাঠিয়ে জরুরি ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানান।
তিনি ওই স্থানটিতে সার্বক্ষণিক পুলিশ প্রহরার নির্দেশ দেন।
জেলা প্রশাসক বিডিনিউজকে জানান, সাধারণভাবে এটি দেখে মনে হচ্ছে গ্যাস। তবে এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত ছাড়া কোন মন্তব্য করা সম্ভব নয়।
