সংশোধিত সময়সূচি জানতে না পেরে চাঁপাইনবাবগঞ্জে ১১ ডিগ্রি পরীক্ষার্থী আরবী পরীক্ষা দিতে পারেনি
চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১১জন ডিগ্রি পরীক্ষার্থী আরবী বিষয়ে পরীক্ষা দিতে পারেননি।
পরীক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিকবার ২০০৫ সালের ডিগ্রি পরীক্ষার সময়সূচি সংশোধনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বিভ্রান্তি ও কেন্দ্র থেকে এ সূচি সঠিকভাবে পরীক্ষার্থীদের জানাতে পারায় এ ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীরা মঙ্গলবার পরীক্ষা দিতে এসে জানতে পারে, আগের দিন সোমবারই এ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। নবাবগঞ্জ সরকারি কলেজের এই ১১ জন পরীক্ষার্থী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফেরদৌস আলমের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন।
নবাবগঞ্জ সরকারি কলেজ ও নবাবগঞ্জ মহিলা কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত পরীক্ষার সময়সূচিতে আরবী, পালি ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা একদিন এগিয়ে ১৭ জানুয়ারির পরিবর্তে ১৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।
ওই দুই কলেজের শিক্ষকবৃন্দ অভিযোগ করেন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলে সাধারণত পেছানো হয়। কিন্তু এই প্রথমবারের মত পরীক্ষার তারিখ এগিয়ে নেয়া হয়েছে এবং গণমাধ্যমেও তা প্রচার করা হয়নি। এনিয়ে সৃষ্ট বিভ্রান্তির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি।
মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম জানান, এর আগে অনুষ্ঠিত দু’টি বিষয়ে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মৌখিকভাবে আরবী পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা বলা হলেও অনেকেই তা বুঝতে ব্যর্থ হন। অথবা ওই দু’দিন তাদের পরীক্ষা ছিল না। ফলে পরীক্ষার্থীরা পরিবর্তিত তারিখ জানতে না পেরে পরীক্ষা দিতে পারেননি।
২০০৫ সালের ডিগ্রি পাস সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি একাধিকবার সংশোধন করা হয়েছে বলে সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও চাঁপাইনবাবগঞ্জের পরীক্ষা কেন্দ্রগুলোতে সূচি সংশোধন সংক্রান্ত পাঠানো শেষ চিঠি নিয়ে সৃষ্ট সমস্যার কথা স্বীকার করেছেন। চিঠিটি (স্মারক নং-- জাতীঃ/পরীঃ/ ডিগ্রি/২০০৫/২৪৬ (১) ২৩৯১, তাং ১৬/১/০৬) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার বিকেল ৫টা ৯ মিনিটে ফ্যাক্সযোগে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠান।
সেই চিঠি নবাবগঞ্জ সরকারি কলেজ ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ পান মঙ্গলবার বেলা ১২টার দিকে।
