চার নির্বাচন কমিশনার দু’ দলে বিভক্ত (সমন্বিত)
নতুন নিয়োগ পাওয়া দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পুরনো দুই জনের মঙ্গলবারেও দেখা হয়নি। তবে ইতোমধ্যেই দু’ দলে ভাগ হয়ে তারা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছেন। যদিও তারা বলেছেন, কমিশনে কোন বিভক্তি নেই।
নবনিযুক্ত নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান এবং স ম জাকারিয়া মঙ্গলবার তাদের দায়িত্ব গ্রহণ করেন।
এর পরপরই বিচারপতি মাহফুজ বলেন, ভোটার তালিকা সংক্রান্ত আদালতের অভিমত আইনসম্মত নয়। এটি আদালতের এখতিয়ার বহির্ভূত অভিমত এবং স্ববিরোধী।
তিনি বলেন, সংবিধান নিয়ে কোনো অস্পষ্টতা নেই। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে এমন একটা অস্বচ্ছ পরিস্থিতি এবং বিতর্কের সৃষ্টি হয়েছে যে, তা দূর করা প্রয়োজন।
বিচারপতি মাহফুজুর রহমান বলেন, হাইকোর্ট ভোটার তালিকা নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে; কিন্তু কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। আমাদের চেষ্টা হবে, এ সংকট দূর করে জাতিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
তিনি বলেন, প্রয়োজন হলে কমিশনের বৈঠক ডাকা হবে এবং ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার বিষয়টি বৈঠকের পরে চিন্তা -- ভাবনা করা হবে।
ভোটার তালিকা তৈরীর বিষয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ২০০০ সালে প্রণীত তালিকাকে ভিত্তি ধরে নতুন ভোটার তালিকা তৈরি করতে নির্দেশ দেন। হাইকোর্ট অবিলম্বে কমিশনের বৈঠকও ডাকতে বলেন। তবে তখন থেকেই প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ অসুস্থ্য রয়েছেন।
সোমবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ নির্বাচন কমিশনার হিসেবে বিচারপতি মাহফুজুর রহমান এবং স ম জাকারিয়াকে নিয়োগ দেন। এর আগের দিন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব স ম জাকারিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
কমিশনার হিসেবে নিয়োগের পরপরই তারা শপথ নেন। সেদিনই তারা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের বাসভবনে গিয়ে সাক্ষাত করেন।
তবে পুরনো দুই কমিশনার এম এম মুন্সেফ আলী এবং এ কে মোহাম্মদ আলীর সঙ্গে নতুন কমিশনারদের এখনো সাক্ষাত হয়নি। যদিও চারজন কমিশনারই মঙ্গলবার অফিসে ছিলেন।
মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ঐতিহ্য অনুযায়ী নতুন কমিশনাররাই পুরনোদের সঙ্গে সাক্ষাত করবেন।
কমিশনার মুন্সেফ আলী বলেন, হাইকোর্টের রায়ে কোন অস্পষ্টতা নেই। এ রায় সকলের মানা উচিত। ফাইল চালাচালি ও কমিশনারদের মিডিয়ার সঙ্গে কথা বলা নিয়ে স ম জাকারিয়ার মন্তব্যে সমালোচনা করে তিনি বলেন, জনসংশ্লিষ্ট বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছি। জনগণ অপেক্ষা করেছে আমরা কী করছি তা জানার জন্য। এজন্য কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করি না। সময়ের প্রয়োজনেই জনগণকে জানানো উচিত।
তিনি জাকারিয়াকে ইঙ্গিত করে বলেন, তিনি মিডিয়ার সঙ্গে কথা না বললে আমাদের সমালোচনা করলেন কী করে?
মুন্সেফ আলী জানান, রায়ের পরবর্তী করণীয় নির্ধারণে পরামর্শ চেয়ে যে ফাইল সিইসি পাঠিয়েছেন তাতে তিনি শিগগির সভা ডাকা ও মোহাম্মদ আলীর ভোটার তালিকার কাজ স্থগিত করার পরামর্শে সমর্থন করে মন্তব্য দিয়েছেন।
কমিশনার মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, মহামান্য আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে নথি চালাচালি বন্ধ করে অবিলম্বে বৈঠক ডাকার। বৈঠকে আমরা আইনের ব্যাখ্যা দিয়ে আমাদের বক্তব্য রাখবো। যা সিদ্ধান্ত হবে বৈঠকেই হবে।
তবে রায়ের ব্যাপারে করণীয় নির্ধারণে তিনি নির্দেশনা ফাইলে কমিশনারদের পরামর্শে লিখেছেন, ভোটার তালিকার কাজ অবিলম্বে স্থগিত করা হোক।
তিনি রায় সম্পর্কে বলেন, এ রায়ে পর্যাপ্ত দিক নির্দেশনা রয়েছে । এ রায় আইন বিরোধি মনে করি না। নাগরিক হিসেবে এ রায় সকলে মানতে বাধ্য। তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএম আজিজও এ রায় আইন সম্মত নয় বলে কোন মন্তব্য করেন নি।
স ম জাকারিয়ার সমালোচনা করে মোহাম্মদ আলী বলেন, কোন বোধ সম্পন্ন মানুষ এ কথা বলতে পারেন না।
বিচারপতি মাহফুজুর রহমানও পুরনো দুই কমিশনারকে ইঙ্গিতকরে সমালোচনা করে বলেন, তারা কমিশনে যে অবস্থার সৃষ্টি করেছে অসাংবিধানিক। আমি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবো।
কমিশনার স ম জাকারিয়া বলেন, কমিশনে যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে তা দূর করতে চেষ্টা করবো। অহেতুক দুই (পুরনো) কমিশনার কমিশনের ভাবমুর্তি নষ্ট করছে। ফাইল চালাচালি অত্যন্ত আপত্তিকর কথা। ফাইল চালাচালি নয় উপস্থাপন করা হয়। এসব আচরণ বন্ধ করতে হবে।
তিনি বলেন, সিইসি সুস্থ হলে দু একদিনের মধ্যেই বৈঠক হবে।
সিইসি মঙ্গলবারও অফিস করেন নি। তিনি গত ৮ জানুয়ারি থেকে অফিস করছেন না।
এদিকে যৌথ বাহিনীর ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযান চলাকালে বাসায় অবৈধ অস্ত্র পাওয়ার অভিযোগ প্রত্যাখান করে বিচারপতি মাহফুজ বলেন, আমার বাসায় অস্ত্র পাওয়া গেলে আমি তো জেলে থাকতাম। আমি এতো বছর আইনের মানুষ ছিলাম, আর এখন আমার বিরুদ্ধে অভিযোগ! আমার শ্যালক বা ছেলে যদি কোনো অপরাধ করে, সে জন্য আমি দায়ী নই।
এ সময় স ম জাকারিয়া কানে কানে বিচারপতি মাহফুজকে কিছু বলেন। বিচারপতি মাহফুজ বলেন, আমি এরসঙ্গে (অস্ত্র উদ্ধার ঘটনা) সম্পৃক্ত নই।
