সাংবাদিক গৌতম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত তদন্ত শেষ করার দাবি
দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করা এবং হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।
জেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে ক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে সাংবাদিকরা এ দাবি জানান। সমাবেশ শেষে এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্রী জগদীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের রানার পত্রিকার সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক প্রগতির দিন পত্রিকার বার্তা সম্পাদক সালামত হোসেন খান, বিডিনিউজের ফরিদপুর জেলা প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে সাংবাদিক গৌতম হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে মূল হোতা ও পলাতক আসামীদের গ্রেপ্তার এবং আইনানুগ বিচারের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা করেন।
সমাবেশ শেষে একই দাবিতে তারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে পুলিশ সুপার মো. আব্দুর জলিলের কাছেও সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাস নিজ অফিস কক্ষে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন।
