চট্টগ্রামে গ্রেপ্তারকৃত আরো এক জেএমবি নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
চট্টগ্রামে গ্রেপ্তারকৃত জেএমবির সামরিক শাখার আঞ্চলিক কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদের সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলাম সোমবার মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মহানগর ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমান বিকেল ৪টায় রফিকুল ইসলামের দেওয়া এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
রফিক তার জবানবন্দিতে ১৭ আগস্ট ফেনী বোমা হামলার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। সে ১৬ আগস্ট রাতে ঢাকায় জেএমবির সামরিক শাখার কমান্ডার আতাউর রহমান সানির কাছ থেকে বোমা নিয়ে ১৭ আগস্ট ফেনীতে বিস্ফোরণ ঘটিয়ে পুনরায় চট্টগ্রামে ফিরে আসে বলে জানায়।
পরে সে চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার মোহাম্মদের সাথে দেখা করে এবং বন্দরনগরীতে অপর একটি জঙ্গি কর্মকাণ্ড চালায়।
এর আগে শুক্রবার গ্রেপ্তারকৃত জেএমবির দুই শীর্ষ নেতা চট্টগ্রামের সামরিক শাখার কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও তার সেকেন্ড ইন কমান্ড নাইমুজ্জামান মহানগর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
