২৪ জানুয়ারি সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান
দেশের আরও একটি নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল ওয়ান ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করতে যাচ্ছে।
রাষ্ট্র--নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাশাপাশি দেশে এখন চারটি স্যাটেলাইট চ্যানেল পুরোদমে তাদের কাযক্রম সচল রেখেছে। চ্যানেলগুলো হচ্ছে- এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি এবং আরটিভি।
এছাড়া বাংলা ভিশন ও বৈশাখি নামে অপর দু’টি চ্যানেল পরীক্ষামূলকভাবে তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রাজধানী ঢাকায় সোমবার এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ান- এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল--মামুন বলেন, চ্যানেল ওয়ান আগামী ২৪ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু করবে।
২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে চ্যানেল ওয়ান- এর কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।
গিয়াসউদ্দিন আল--মামুন জানান, ৩০০ জন স্টাফ নিয়ে চ্যানেল ওয়ান মঙ্গলবার (১৭ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করবে এবং উদ্বোধনের প্রথম দিন থেকেই একটানা চব্বিশ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করবে।
সংবাদ সম্প্রচারের ওপর জোর দিয়ে তিনি বলেন, উন্নত মানের ছবি সরবরাহ ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার মাধ্যমে চ্যানেল ওয়ান দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে সক্ষম হবে।
তিনি বলেন, বয়স ও শ্রেণী ভেদে দর্শকদের স্বাদের দিকটি মাথায় রেখে বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো থেকে দর্শকদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যানেলটিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কোন অংশীদারিত্ব নেই এবং এটি কোন রাজনৈতিক দলের উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হবে না।
প্রাথমিকভাবে চ্যানেলটি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, উত্তরপূর্ব অস্ট্রেলিয়া এবং পূর্ব ইউরোপে সম্প্রচারিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান এর প্রধান বার্তা সম্পাদক নাজমুল আশরাফ, মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) বরকত উল্লাহ এবং সম্প্রচার প্রকৌশলী ও অপারেশন মহাব্যবস্থাপক আব্দুল মান্নান।
