চাঁদাবাজি করতে গিয়ে রংপুরের ২ বিএনপি নেতা আটক
রংপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে গুলি চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস সালাম ও যুগ্ম সম্পাদক আবদুল হান্নান। জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের মর্ডান মোড়ে ব্যবসায়ী শাহ আলমের দোকানে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে জেলা বিএনপি’র ওই দুই নেতা। ইতোমধ্যেই তিন হাজার টাকা চাঁদা আদায় করে এবং রোববার সন্ধ্যায় বাকি সাত হাজার টাকা আনতে যায়।
এসময় শাহ আলম প্রতিবাদ করলে আবদুল হান্নান পরপর দুই রাউন্ড গুলি ছোঁড়ে, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে সালাম ও হান্নানকে পাকড়াও করে পুলিশে দেয়।
এ ঘটনায় অস্ত্র আইনে ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা শেষ খবর পর্যন্ত পুলিশ হেফাজতে ছিলো। তবে তাদের ছাড়িয়ে নিতে উচ্চ পর্যায়ে তদ্বির শুরু হয়েছে বলে পুলিশ ও বিশ্বস্ত সূত্র জানায়।
