২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে সারাদেশে বিভিন্ন ঘটনায় নিহত ৬০, আহত ৫০০ (সমন্বিত)

মঙ্গলবার থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় কমপক্ষে ৬০জন নিহত ও আরো ৫০০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনা ও লঞ্চ দুর্ঘটনায় অর্ধশতাধিক লোক নিহত হয়। 

সাভারে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে একই পরিবারের পাঁচজনসহ কমপক্ষে ২২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন মহিলা ও চারজন শিশু রয়েছে।

নিহতদের মধ্যে ১১জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তামিজ উদ্দিন (৭০) তার স্ত্রী আকলিমা (৬০), তাদের ছেলের বৌ কোহিনুর, নাতি কামরুজ্জামান (৬) ও নাতনি তাসলিমা (৪) এবং  হানিফ হাওলাদার (৩৫), সে পেশায় একজন ভ্যান চালক, আহমদ আলী, সে একটি বেসরকারি সংস্থা পরিচালিত সাভারের সিআরপি- পক্ষাঘাত পূনর্বাসন কেন্দ্রের ওয়ার্ড বয়, নুরুল ইসলাম (৩৫), তাহমিনা (৩৫), শাহনেওয়াজ শানু (৪২) ও মানিক হাওলাদার (৩৫)। 

নিহত তমিজ উদ্দিনের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী।

উদ্ধারকারীরা প্রথমে ১৪টি লাশ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, ভয়াবহ এ দুর্ঘটনার আগে ধামরাই থেকে ছেড়ে আসা ডি লিংক কোম্পানির গুলিস্তানগামী বাসটির (ঢাকা মেট্রো- জ ১১-০১১৫) চালক দ্রুত গতিতে চালাচ্ছিল। যাত্রীদের প্রতিবাদ সত্ত্বেও সে কোনো কর্ণপাত করেনি।

দুপুর দেড়টার দিকে সাভারের হেমায়েতপুর রাজ ফিলিং স্টেশনের কাছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে।

সংবাদ পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ডুবুরিরা বাসের ভেতর থেকে ১৪ জনের লাশ উদ্ধার করে।   

আহত অবস্থায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে পুকুর থেকে বাসটি ওপরে তুলতে সক্ষম হয়।

আহত বাস যাত্রী নারায়ণগঞ্জের সলিমুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষক বিডিনিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৮০ জনের মত যাত্রী ছিল।

মহিলা ও শিশুসহ আহত ২৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  নহতদের স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সাভার সার্কেলের এসপি বখতিয়ার আলম এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

উদ্ধারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে র‌্যাবসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রাখে।   

এছাড়া রংপুর ও পঞ্চগড়ে  তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭জন নিহত ও ১০০জন আহত হয়েছে।

বিডিনিউজ রংপুর ও পঞ্চগড় প্রতিনিধি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রংপুর এবং পঞ্চগড়ে বুধবার ভোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ৬০ জন আহত হয়।

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও ৬৪ জন আহত হয়।  রংপুরের মিঠাপুকুরের বলদীপুকুর এলাকায় বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা -- রংপুর ও রংপুর -- ঢাকা রুটের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হয়। নিহতরা হচ্ছে -- আকলিমা (৩৫) ও রনজিত (২৫)। আহতদের  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর একটি দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন মহিলাসহ চারজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে -- সৈয়দপুরের সাব্বির হোসেইন (২৮), রংপুর জেলার হাকিমপুরের আমিনুল ইসলাম (২৫) এবং একটি বাসের হেলপার রাসেল।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন এবং পীরগঞ্জ স্বাস্থ্য কমপে-ক্সে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

এদিকে অপর একটি দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়।

এদিকে পঞ্চগড়ে বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়। তবে এ পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করে কিছু জানা যায়নি।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা - মাওয়া সড়কে জেলার সিরাজদিখান উপজেলার আব্দুল¬াহপুর মোড়ে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে ১৩টি যানবাহন খাদে পড়ে একজন নিহত এবং শতাধিক লোক আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী আপন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে আপন পরিবহন বাসটিকে আরো একটি বাস ধাক্কা দিলে একে একে আরো ১১টি বাসের মধ্যে সংঘর্ষ হয় এবং সবকটি বাসই খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় একজন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তবে মোট কতগুলো বাস খাদে পড়েছে এবং হতাহতের সংখ্যা কতো,  সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ওই দুর্ঘটনার ফলে ঢাকা - মাওয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়।

গুরুতর আহত ১৫জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পৌনে ৪টায় আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো চ ৪১৯৫) বিশ্বরোডের মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পু ও ট্রাক্টরসহ পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উবায়দুল্লাহ (৩৫), হাফেজ বোরহান উদ্দিন (২০) ও হেফজু মিয়া (১৮) নামের তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৩৫ জন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

বিডিনিউজের চাঁদপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশার ভেতর চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল এলাকায় মেঘনা নদীতে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে যাত্রীবাহী একটি লঞ্চ এবং একটি স্টিমারকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে মোহসীন (২২) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়। নিহতর বাড়ি মতলবের করবন্দ এলাকায়।

এ ঘটনায় নয় বছরের শিশু তানহা এখনো নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, মতলব থেকে ছেড়ে আসা ঢাকাগামী লেপচা স্টিমার ও ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী আবাবিল লঞ্চের মধ্যে ওই সংর্ষের ঘটনা ঘটে। এতে লেপচার বাম পাশের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতি হয়।

আহত ২০ জনের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজের রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া -- খুলনা মহাসড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের কাছে মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মাহবুব (২০) নামে একজন টেম্পোযাত্রী নিহত হয়েছে।

পুলিশ জানায়,  ঈদে বাড়ি ফেরার পথে দৌলতদিয়া ঘাট থেকে ওই যুবক টেম্পোতে চড়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। পথে একটি ট্রাক আচমকা টেম্পোটিকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। আরেকটি দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাহবুবের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার চৌমহনী গ্রামে।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, ঈদের দিন বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা শিক্ষক আমির হোসেন (৬৫)। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘাতক বাস চালক সিদ্দিকুর রহমানকে জনতা মারধোর করে পুলিশে সোপর্দ করে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়ক গোলচত্বরে মঙ্গলবার ভোরে একটি ট্রাক উল্টে ৪৮ জন আহত হয়।

ঘন কুয়াশার কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রবিউল (৩০), বাবু (২৫), রাশিদুল (৪০) ও আহমেদকে (৩২) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর ৪৪ জনকে সৈয়দপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার ভেতর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জেলার যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৪০ জন যাত্রী আহত হয়। ঢাকাগামী নাইট স্টার পরিবহন ও বিপরীত থেকে আসা গাইবান্ধাগামী দুটি বাসের মধ্যে ওই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে পাঁচ/ ছয় জনের অবস্থা আশংকাজনক।

এছাড়া গাজীপুর, টঙ্গী ও চাঁপাইনবাবগঞ্জে আরো কয়েকটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনীর দাগনভূঞার তুলাতলী এলাকায় শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনাপুরগামী একটি বাস দাগনভূঁঞার তুলাতুলী এলাকার একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেলে দুইজন নিহত ও ২০জন আহত হয়।  

নিহতরা হল নোয়াখালী জেলার রতনপুর গ্রামের  এমডি পাটোয়ারি (৪৫) ও তার ছেলে সবুজ (১০)।

আহতদের ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের রশিদাবাদ বেইলি ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়লে একজন মহিলা নিহত ও আরো ১০জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার ভোরে যাত্রীবাহী বাসটি রশিদাবাদ বেইলি ব্রিজের কাছে রাস্তা থেকে ছিটকে খাদে পড়লে ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১০জন আহত হয়।

নিহত মহিলার নাম সোফিয়া (৩০)। সে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার হেলেঞ্চা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে সাতজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিডিনিউজ ফেনী প্রতিনিধি আরো জানান, ফেনীতে বৃহস্পতিবার ভোরে শহর ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক খুন হয়েছেন।

নিহতের নাম বিল্লাল হোসেন (৫০)। তিনি শহরের মিজান রোডে মটর পার্টসের ব্যবসা করতেন।

পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী বিল্লাল হোসেন বুধবার রাতে হাজী ফজল মাস্টার লেনে নিজ স্টোর রুমে রাত্রি যাপন করেন। পরদিন বৃহস্পতিবার ভোরে ওই রুমের পাশেই তার লাশ পাওয়া যায়।

পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে রুম থেকে ধরে নিয়ে গিয়ে অন্যত্র হত্যা করে আবার রুমের কাছেই লাশ ফেলে যায়। বৃহস্পতিবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে ফেনী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জাতীয়

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান,  নরসিংদী জেলার মদনগঞ্জ সড়কের হেলিপ্যাড সংলগ্ন স্থানে নুরুজ্জামান নুরা (৩৬) নামে এক সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায়  ডিবি পুলিশ শহরের পশ্চিম দত্তপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়। রাত আটটার দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে নুরার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় নুরা ক্রসফায়ারে নিহত হয়।

এ ঘটনায় পুলিশের এস আই আলমগীর, কনস্টেবল ফরিদ ও কনস্টেবল সোলায়মান আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দুই রাউণ্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করে।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। নুরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।