সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ২২, আহত ২৫
সাভারে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে চার শিশু ও ছয়জন মহিলাসহ কমপক্ষে ২২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হানিফ হাওলাদার (৩৫), সে পেশায় একজন ভ্যান চালক এবং অপরজন আহমদ আলী, সে একটি বেসরকারি সংস্থা পরিচালিত সাভারের সিআরপি- পক্ষাঘাত পূনর্বাসন কেন্দ্রের ওয়ার্ড বয়, নুরুল ইসলাম (৩৫) ও তাহমিনা (৩৫)।
উদ্ধারকারীরা প্রথমে ১৪টি লাশ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, ভয়াবহ এ দুর্ঘটনার আগে ধামরাই থেকে ছেড়ে আসা ডি লিংক কোম্পানির গুলিস্তানগামী বাসটির (ঢাকা মেট্রো- জ ১১--০১১৫) চালক দ্রুত গতিতে চালাচ্ছিল। যাত্রীদের প্রতিবাদ সত্ত্বেও সে কোনো কর্ণপাত করেনি।
দুপুর দেড়টার দিকে সাভারের হেমায়েতপুর রাজ ফিলিং স্টেশনের কাছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।
যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে।
সংবাদ পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ডুবুরিরা বাসের ভেতর থেকে ১৪ জনের লাশ উদ্ধার করে।
আহত অবস্থায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে পুকুর থেকে বাসটি ওপরে তুলতে সক্ষম হয়।
আহত বাস যাত্রী নারায়ণগঞ্জের সলিমুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষক বিডিনিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৮০ জনের মত যাত্রী ছিল।
মহিলা ও শিশুসহ আহত ২৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতদের স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
সাভার সার্কেলের এসপি বখতিয়ার আলম এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
উদ্ধারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে র্যাবসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রাখে।
