বরিশালের ৪০টি গ্রামে মঙ্গলবার ঈদুল আযহা পালিত
বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা জেলার প্রায় অর্ধ লাখ পরিবার মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা পালন করছে।
বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৩ নং ওয়ার্ডের চাঁদকাঠী, জেলার বাবুগঞ্জ উপজেলার উলানকাঠী গ্রামের সরোয়ার খা’র বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুর গ্রামের মান্নান হাওলাদারের বাড়ি, মাধবপাসার দুয়ারী বাড়ি এবং জাদিবাশকাঠীতে সকাল আটটায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বরিশাল সদর উপজেলার দাসকাঠী, তালুকদারচর ও সুন্দরকাঠী, হিজলা উপজেলার মেমানিয়ার চর এলাকা, পটুয়াখালী সদর উপজেলার নিশানবাড়ীয়া, বাউফল উপজেলার তিনটি গ্রামে এবং গলাচিপা উপজেলার রাঙ্গাবালীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম, পশ্চিম মুলাইপত্তন, পূর্ব মুলাইপত্তন, মধ্য মূলাইপত্তনসহ কয়েকটি গ্রামে জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে চাঁদপুর এবং কিশোরগঞ্জেও মঙ্গলবার ঈদুল আযহা পালিত হচ্ছে বলে সেখানকার প্রতিনিধিরা জানান।
