২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কাফরুলে র‌্যাবের ক্রসফায়ারে যুবক নিহত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) হেফাজতে থাকা অবস্থায় রাজধানীর কাফরুল এলাকায় সোমবার ভোরে ক্রসফায়ারে জামালুদ্দিন ওরফে পিচ্চি জামাল নামের এক যুবক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মাদারীপুরের কালকিনি উপজেলার মৈজাপাড়া গ্রামের জনৈক গোলাম মোস্তফার ছেলে জামাল (১৯) রাজধানীর কাফরুল থানার দামালকোট এলাকার হাজী সোবহান রোডে বাস করতো।

এ ব্যাপারে র‌্যাব-৪-এর সাব-ইনস্পেক্টর (এসআই) নজরুল ইসলাম জানান, জামালকে সঙ্গে নিয়ে র‌্যাবের একটি দল অস্ত্র ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান চালানোর সময় র‌্যাবের দলটির সাথে তার সহযোগীদের বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে জামাল নিহত হয়েছে।

এসআই নজরুল জানান, সোমবার ভোর ৪টায় র‌্যাবের দলটি বাবুরটেকে পৌঁছালে একদল সশস্ত্র অস্ত্রধারী তাদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় র‌্যাবের হেফাজতে থাকা জামাল পালাবার চেষ্টা করলে সে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে মারা যায়।

তিনি আরও বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় র‌্যাবের দলটি জামালের কোনও সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি।

র‌্যাব ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এসআই নজরুল আরও জানান, র‌্যাবের একটি দল জামালকে ৮ জানুয়ারি গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দু’টি হত্যা ও একটি ডাকাতির মামলা রয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাফরুল থানার এসআই লতিফ বিডিনিউজকে জানান, জামালের মৃতদেহ র‌্যাব তাদের কাছে সকাল ৯টায় হস্তান্তর করে। তারা সেটি ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।