গরুবোঝাই ট্রাক থেকে পড়ে ২ ব্যবসায়ী নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় রোববার গরুবোঝাই দ্রুতগামী ট্রাক থেকে পড়ে দু’জন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এদিকে গাবতলীতে গরুর শিংয়ের আঘাতে এক বাদাম ব্যবসায়ী আহত হয়।
নিহতদের একজন কুষ্টিয়ার মোহাম্মদ আলীর ছেলে মইনউদ্দিন আহমেদ (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
তাদের লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাক থেকে রাস্তায় পড়ে গিয়ে তারা আহত হয়।
অপর দুই গরু ব্যবসায়ী তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তারা মারা যায়।
খিলক্ষেত থানা পুলিশ অবশ্য বলেছে, দুর্ঘটনাটি সম্পর্কে তারা জানে না।
এদিকে ওয়াদুদ (২৬) নামে এক বাদাম ব্যবসায়ীর তলপেটে বিকেল ৫টার দিকে গাবতলীতে একটি গরু শিং দিয়ে আঘাত করলে সে আহত হয়।
তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসরিননগর উপজেলায়। সে ঢাকার ৫৯/৩, কল্যাণপুরে থাকে।
তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
