২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২ বিচারক হত্যায় বিস্ফোরক দ্রব্য মামলার চার্জ গঠন ফের পেছালো, ১৫ জানুয়ারি নতুন তারিখ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার চার্জ গঠনের তারিখ দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। রোব্বার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন ১৫ জানুয়ারি চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

আদালত সূত্রে জানা যায়, রোব্বার ছিল এ মামলার চার্জ গঠনের নির্ধারিত তারিখ। ঢাকায় গ্রেপ্তারকৃত আসামি সানি এবং আব্দুল আউয়ালকে বিচারক আব্দুল মতিন ঢাকা থেকে বরিশালে পাঠানোর জন্যে ডিআইজিকে (প্রিজন) নির্দেশ দেন। কিন্তু ডিআইজি বিচারককে লিখিতভাবে জানিয়েছেন, আসামিরা বর্তমানে তার জিম্মায় নেই।

এর পরিপ্রেক্ষিতে রোব্বার বিচারক এই মামলার চার্জ গঠনের সময়সীমা দ্বিতীয় দফায় বৃদ্ধি করেছেন।

এদিকে চার্জ গঠনের ব্যাপারে আইনজীবীরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কোনো কোনো আইনজীবী বলছেন, গ্রেপ্তারকৃত আসামিদের অনুপস্থিত দেখিয়ে বিচারক বিশেষ ব্যবস্থায় মামলার চার্জ গঠন করতে পারবেন। একাধিক অপর আইনজীবী বলছেন, গ্রেপ্তারকৃত আসামিদের অনুপস্থিত দেখিয়ে চার্জ গঠন সঙ্গত নয়।