২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশার কারণে জিয়া’য় ১৯ টি ফ্লাইট বিলম্বিত

ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের ১৯ টি ফ্লাইটের অবতরণ ও উড্ডয়নে বিলম্ব হয়। এর মধ্যে ১৫ টি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহি ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 01:29 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

জিয়া’র ফ্লাইট অনুসন্ধান বিভাগ জানায়, ঘন কুয়াশার কারণে রোববার ভোর ৩ টা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ১৫ টি আন্তর্জাতিক ফ্লাইটের আগমন বিলম্বিত হয়।

একই কারণে বিলম্বিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং জিএমজি এয়ারলাইন্সের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।

ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রী ও দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয় ।

খোঁজ নিয়ে জানা যায়, বিরূপ আবহাওয়ার কারণে রোববার ভোর ৩ টা থেকে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের ১৫ টি আন্তর্জাতিক ফ্লাইট জিয়া বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। কুয়াশা কেটে গেলে সকাল ১১ টার পর থেকে এসব ফ্লাইটের অবতরণ শুরু হয়।

এরমধ্যে বিমানের জেদ্দা - চট্টগ্রাম - ঢাকা রুটের ভোর ৩ টা এবং কুয়েত - চট্টগ্রাম - ঢাকা রুটের সকাল ৯ টার ফ্লাইট চট্টগ্রামে আটকা পড়ে। পরে জেদ্দা ফ্লাইট সকাল ১১ টা ২০ মিনিটে এবং কুয়েত ফ্লাইট সকাল পৌনে ১০ টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার রুটের ফ্লাইট সকাল ৮ টার বদলে ১০ টা ৪০ মিনিটে যাত্রা করে।

বেসরকারি জিএমজি এয়ারলাইন্সের ঢাকা - চট্টগ্রাম রুটের ফ্লাইট সকাল ৮ টার বদলে সকাল ১০ টায়, ঢাকা - যশোর রুটের সকাল ১০ টার ফ্লাইট সকাল ১১ টায় এবং ঢাকা - সিলেট রুটের সকাল সোয়া ৮ টার ফ্লাইট সকাল ১১ টার পর যাত্রা করে।