জলবায়ু পরিবর্তন অংশীদারিত্ব সম্মেলনে অংশ নিচ্ছে ৬ এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ
অস্ট্রেলিয়ার সিডনিতে ১১ ও ১২ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অংশীদারিত্ব সম্মেলনে অংশ নিচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছয়টি বৃহৎ দেশ।
‘এশিয়া-প্যাসিফিক পার্টনারশিপ অন ক্লিন ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ সম্মেলনে জ্বালানি প্রযুক্তির প্রয়োগ এবং বাণিজ্যিকীকরণে তারা নতুন একটি অংশীদারিত্বমূলক কর্মকাণ্ডের সূচনা করতে যাচ্ছে।
ওয়াশিংটনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বেচ্ছাসেবামূলক এ পদক্ষেপ অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের সহায়ক হিসেবে প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে কাজ করবে।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ ছয়টি দেশ পৃথিবীর অর্ধেক সম্পদ, জনসংখ্যা, জ্বালানির অধিকারী ও ব্যবহারকারী এবং তারা একত্রে পৃথিবীর অর্ধেক গ্রীন হাউজ গ্যাস নির্গত করে।
অংশীদারিত্ব সম্পর্কে গণতন্ত্র ও বিশ্বায়ন বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি পলা ডবরিয়ানস্কি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং বায়ুদূষণ ও গ্রীন হাউজ গ্যাসের নির্গমনের পরিমাণ হ্রাস ত্বরান্বিত করার সাথে সম্পর্কিত সমস্যাগুলোর মোকাবেলায় অংশীদার হিসেবে কাজ করবে।
তিনি বলেন, স্থানীয় সক্ষমতা তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং শিল্পকারখানা, পাওয়ার প্লান্ট, খনি ও ভবন থেকে গ্রীন হাউজ গ্যাসের নির্গমন কমাতে পদক্ষেপ সরকারি-বেসরকারি অংশ গ্রহণের মাধ্যমে গোড়া থেকেই কাজ করবে।
জ্বালানির উৎস, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পর্যায়ে কাজ করার জন্য অংশগ্রহণকারী দেশগুলো সম্মিলিতভাবে একটি টাস্কফোর্স গঠন করেছে।
পলা ডবরিয়ানস্কি আরও বলেন, এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সিডনির বৈঠকে আর কয়েকটি পর্যায়ের কার্যক্রমের উন্নয়ন ঘটানো হবে।
