মক্কায় হোটেল ভবন ধসে ২ বাংলাদেশী নিহত, নিখোঁজ ৬
পবিত্র মক্কা নগরীতে বৃহস্পতিবারের হোটেল ভবন ধসে কমপক্ষে দুই বাংলাদেশী নিহত এবং ছয় জন নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় ৫৩ জন নিহত ও ৫৯ জন আহত হয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এসএম ইকরামুল হক বিডিনিউজকে বলেন, নিহতদের মধ্যে দুই বাংলাদেশী রয়েছেন বলে আমরা জেনেছি। এছাড়া আরো ছয়জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
নিহতরা হল হজযাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) এবং ওই ভবনেরই একটি দোকানের কর্মচারি মোহাম্মদ শফিক (৩৬)।
নিহত আব্দুর রাজ্জাক রাজশাহীর রায়পাড়ার রুহুল আমিনের ছেলে। তার লাশ বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত আরো জানান, আব্দুর রাজ্জাক ওই হোটেলে অবস্থান করছিলেন না। সেখানে স্বজনদের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি।
অপর নিহত শফিক কক্সবাজারের টেকনাফের আবু শামার ছেলে। তার লাশ মীনার একটি হাসপাতালে নেয়া হয়েছে।
বিধ্বস্ত ভবনটিতে সৌদি আরবে হজ করতে আসা কয়েকজন হাজীকে রাখা হয়েছিল।
সৌদি আরবের বাংলাদেশ মিশনের তথ্য মতে, নিখোঁজদের মধ্যে রাজধানী ঢাকার বনানীর বাড়ি নং ৭, সড়ক নং ৫১ এর শেখ ওয়াজেদ আলীর ছেলে গোলাম রহমান, তার স্ত্রী জাহানারা বেগম এবং তার বোন ও শেখ নজরুল ইসলামের স্ত্রী বেগম দিলরুবা ইসলাম রয়েছেন।
মরহুম আব্দুল রবের ছেলে মোহাম্মদ আব্দুল মুকিত ও ছেলের স্ত্রী বেগম নাহিদা হোসেন মুকিতও নিখোঁজ রয়েছেন। তারা বাড়ি নং ৯, সড়ক নং ৫, সেক্টর ১০, উত্তরা, ঢাকার বাসিন্দা।
আরেক নিখোঁজ মোহাম্মদ মনতাজুল হক রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রানীনগর গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।
রাষ্ট্রদূত হক জানান, নিখোঁজ হওয়া ছয় ব্যক্তিসহ আটজন ঢাকাস্থ হজ এজেন্সি আল তাইয়েরার ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। তারা হজ এজেন্সির ভাড়াকৃত মক্কার আল-খায়ের হোটেলের তিনটি কক্ষে অবস্থান করছিলেন।
রাষ্ট্রদূত বিডিনিউজকে আরো জানান, কোন হাসপাতালে বাংলাদেশের কেউ রয়েছেন কিনা আমাদের কর্মকর্তা-কর্মচারীরা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
এদিকে সাতকানিয়া থেকে বিডিনিউজের সংবাদদাতা জানিয়েছেন, হাবিবুল্লাহ (৩৬) ও মোহাম্মদ হোসেন ওরফে মতি মেম্বার (৪০) ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় মারা গেছেন বলে উভয়েরই পরিবারের সদস্যরা সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের কাছ থেকে জানতে পেরেছেন।
উভয় ব্যক্তি সৌদি আরবের একটি মনোহরী দোকানে গত ১০ বছর ধরে কাজ করছিলেন।
হাবিবুল্লাহ সাতকানিয়ার উত্তর রামপুরার মাদারসা গ্রামের নুরুল আলমের পুত্র। অপরদিকে মতি মেম্বার একই উপজেলার ইয়োছিয়া গ্রামের হাজী মোহাম্মদ পেতানের ছেলে।
এদিকে ঢাকাস্থ হজ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের মধ্যে কোন বাংলাদেশী রয়েছেন কিনা সে সম্পর্কে তাদের কাছে এখন পর্যন্ত কোন খবর আসেনি।
