ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলা বরিশাল দ্রুতবিচার ট্রাইব্যুনালে প্রেরণ
ঝালকাঠিতে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলাটি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরিশাল বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কাগজপত্র এসে পৌঁছার কথা স্বীকার করেন বরিশাল দ্রুতবিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু।
মামলার নথিতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে ঝালকাঠি অফিসার্স কলোনির বাসা থেকে গাড়িযোগে কর্মস্থলে যাওয়ার পথে জঙ্গিদের বোমা হামলায় বিচারক সোহেল আহমদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন।
এ ব্যাপারে হামলার শিকার গাড়ির চালক সুলতান আহমদ বাদী হয়ে ওই দিন সদর থানায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি সোহরাব আলী ৩০ নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো-- বোমা হামলাকারী মামুন (২৫), সহযোগী সুলতান (৪৫), আব্দুল আউয়াল ওরফে আরাফাত, বোমা হামলার নির্দেশদাতা শায়খ আব্দুর রহমান, তার জামাতা আব্দুল আউয়াল এবং ছোট ভাই আতাউর রহমান সানি।
অপরদিকে হত্যা মামলাটি বর্তমানে সিআইডি পুলিশের তদন্তাধীন রয়েছে বলে নথিতে বলা হয়।
