নাটোরে সন্ত্রাসী, র্যাব ও পুলিশের মধ্যে ত্রিমূখী বন্দুকযুদ্ধ
নাটোরের ডাকাতগাড়ি গ্রামে সোমবার ভোর রাতে এবং এর আগে রোববার রাত সাড়ে নয়টায় সিংড়া উপজেলার জামতলীতে টহলরত র্যাব সদস্যরা দু’দফা সন্ত্রাসীর অতর্কিত হামলার মুখে পড়েছে।
উভয় ঘটনায় র্যাব ও সন্ত্রাসীর মধ্যে ব্যাপক গুলিবর্ষণ হয়। তবে কোন পক্ষেই হতাহত হয়নি।
এদিকে ডাকাতবাড়িতে বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের একটি ফোর্স দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ভুল করে সন্ত্রাসী ভেবে র্যাবের ওপর গুলি চালাতে শুরু করে। ত্রিমুখী গোলাগুলি চলতে থাকে বেশ কিছুক্ষণ। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
গত সপ্তায় সন্ত্রাসীর রক্তক্ষয়ী হামলা চালানো বামিহাল ক্যাম্প থেকে র্যাবের দলটি নাটোর ফিরে আসার সময় ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে রোব্বার রাত ৯টার দিকে র্যাবের একটি বিশেষ দল সিংড়া এলাকায় টহল দেওয়ার সময় জামতলী এলাকায় পৌঁছলে হঠাৎ করে সন্ত্রাসীরা তাদের গুলি ছুঁড়তে থাকে। এসময় র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
একই দিন মধ্যরাতে সিংড়ার হাসানিয়া নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি বাড়ি থেকে একটি বন্দুকসহ মালামাল লুট হয়েছে। র্যাব ধারণা করছে, উভয় ঘটনার সাথেই ওই সন্ত্রাসী দলটি জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর নাটোরে তিন আনসার ও এক পুলিশ নিহত হওয়ার পর সেখানকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
