২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবির মনোকালচার শালবন বিপর্যয়ের জন্য দায়ী

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত বিদেশী প্রজাতির মনোকালচার চাষ ঐতিহ্যবাহী শালবনের বিপর্যয়ের জন্য দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

তাই আগে মানুষের জীবনযাত্রা ও পরিবেশের সাথে সমন্বয় করে বনায়নের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সোমবার জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত প্রামান্যচিত্র ‘বিপন্ন বন’ প্রদর্শিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।   

এতে সভাপতিত্ব করেন ‘নিজেরা করি’ র পরিচালক খুশী কবির। প্রধান অতিথি ছিলেন পরিবেশবিদ ড. নওয়াজেশ আহমেদ। আলোচনা করেন চলচ্চিত্রকার তারেক মাসুদ, মানজারে হাসিন মুরাদ,  সেড প্রধান ফিলিপ গাইন। প্রামান্যচিত্রটির গবেষণা, পরিকল্পনা ও চিত্রনাট্য রচনা করেন ফিলিপ গাইন ও জুনায়েদ আহমদ হালিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষ গাছ লাগাতে পারে। কিন্তু বন সৃষ্টি করতে পারে না। সংস্কৃতিকে ধ্বংস করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা পরিবেশ ধ্বংসের দিকেও সম্প্রসারিত হয়েছে।

ড. নওয়াজেশ আহমেদ বলেন, বনকে স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া না হলে বন একসময় মানুষের ওপর প্রতিশোধ নেবে। প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়নের নামে আদিবাসীদের জুম চাষের জমি ধ্বংস করা হচ্ছে। পার্বত্য জেলা রাঙ্গামাটি এবং বান্দরবানে করা হয়েছে পাল্পউড প্লান্টেশন।