বান্দরবানে অস্ত্রসহ ৩ বিদেশী গ্রেপ্তার
বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাঁকখালী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলস’র সদস্যরা মঙ্গলবার ভোরে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক মারণাস্ত্র এবং গোলাবারুদসহ তিন বিদেশীকে আটক করেছে।
সেনাবাহিনী বা বিডিআর’র পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি এম-১৬ রাইফেল, একটি একে-৪৭ রাইফেল, একটি লাইট মেশিন গান, সাতটি ১২ বোর রাইফেল, দুইটি ৩০৩ রাইফেল এবং সাড়ে সাত হাজার রাউন্ড গুলি।
বিডিআর সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির আঞ্চলিক কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল আবদুল আউয়াল বীর প্রতীক এবং আলীকদম সেনানিবাসের মেজর মোবাশ্বেরের নেতৃত্বে এ যৌথ অভিযান চালানো হয়।
আলীকদম সেনানিবাস এবং নাইক্ষ্যংছড়ি জোনের পাঁচ শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেয়।
গত দুই বছর যাবত মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি এলাকায় বিপুল পরিমাণ মারণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হলেও সশস্ত্র বিদেশীদের হাতেনাতে ধরার ঘটনা এটাই প্রথম।
