‘নারী সাংবাদিকতায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে সালমা সোবহান ফেলোশিপ কর্মসূচি’
নারীদের জন্যে সাংবাদিকতায় সালমা সোবহান ফেলোশিপ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষানবিশ সাংবাদিকরা বলেছেন, আত্মবিশ্বাস তৈরি ও উৎসাহ দানের মাধ্যমে এ প্রশিক্ষণ তাদের জন্যে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে।
নগরীর ব্রাক সেন্টারে মঙ্গলবার উন্নয়ন যোগাযোগ ফোরাম আয়োজিত এক বৈঠকে সালমা সোবহান ফেলোশিপ এর নারী সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বিনিময়কালে একথা বলেন।
প্রশিক্ষণের অভিজ্ঞতা বিনিময়কালে ফেলো শিরিন পারভীন বলেন, আমার জীবন আটকে ছিলো ছোট্ট একটি ছাদের নিচে। সালমা সোবহান ফেলোশিপের প্রশিক্ষণ এবং এর বাস্তব অভিজ্ঞতা আমার জীবনকে অতি দ্রুত বদলে দেয়। এখন বিশ্বের যেকোনো বিষয়ে লেখার ক্ষমতা অর্জন করেছি আমি।
সালমা সোবহান ফেলোদের কিভাবে উন্নয়ন প্রক্রিয়া এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নীতি নির্ধারণে যুক্ত করা যায় সে ব্যাপারে আলোচনার জন্যে এ সভার আয়োজন করা হয়।
নোবেল পুরষ্কার জয়ী অধ্যাপক অমর্ত্য সেন প্রথম তৃণমূল নারীদের অধিকার মূলধারার গণমাধ্যমে তুলে আনার কথা বলেন। পরবর্তীতে ২০০৪ সালে ব্রাক ও প্রতীচী ট্রাস্টি বাংলাদেশ যৌথভাবে সাংবাদিকতায় নারীদের জন্যে সালমা সোবহান ফেলোশিপ চালু করে।
দেশের বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকতা করতে আগ্রহী এমন ৩২ জন নারীকে ফেলোশিপ কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়। দৈনিক প্রথম আলো ছিলো এ কর্মসূচির মিডিয়া পার্টনার।
নীলফামারীর শিক্ষনবীশ ফেলো সাজেদা হক বলেন, এ কর্মসূচি আমার চোখ খুলে দিয়েছে।
অপর ফেলো ময়মনসিংহের সেলিনা চৌধুরী বলেন, আমি জানতাম না যে একটি কলম তৃণমূল নারীদের অধিকার প্রতিষ্ঠার মোক্ষম উপায় হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, প্রকৃত উন্নয়ন ইস্যুগুলোকে চোখের সামনে তুলে ধরতে তারা কাজ করছেন।
তিনি বলেন, প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল জনগণকে তাদের তথ্য জানার অধিকারের সাথে স¤পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের যোগাযোগ সমন্বয়ক মিনহাজ আনোয়ার, ইউনিসেফের জাফরিন জে. চৌধুরী ও অ্যাকশন এইড বাংলাদেশের তানিয়া হক বক্তব্য রাখেন।
এ কর্মসূচির অধীনে মোট ২০০ জন নারী সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মিনহাজ আনোয়ার।
