২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈর থানা হাজতে হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু

গাজীপুর কালিয়াকৈর থানা হাজতে হত্যা মামলার আসামী জুলহস আলী জুলু (৩৭) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সোমবার রাত দশটার দিকে থানা হাজতের অভ্যন্তরে টয়লেটের ভেন্টিলেটারের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ওসি লুৎফর রহমান ও অন্যান্য কর্মকর্তারা দাবি করছেন এটা আত্মহত্যা কিন্তু হাজতের ভিতরে গামছা গেল কিভাবে এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি পুলিশ।

এদিকে, সোমবার রাতেই গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিউদ্দিন ও সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) রশিদুল হক থানা পরিদর্শণ করেন। মঙ্গলবার সকালে গাজীপুরের ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান লাশের সুরতহাল করেন। পরে দুপুরে সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে এর ফলাফল জানা যায়নি।

নিহত জুলহাস টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পশ্চিম বেতডুবি গ্রামের জনৈক আয়েত আলীর পুত্র। পুলিশ জানায় গত বছর ৩০ আগস্ট তুচ্ছ ঘটনা নিয়ে জুলহাসের আঘাতে তার আপন ভাই তায়েব আলী মারা যায়। এ ব্যাপারে কালিহাতি থানায় তায়েরের স্ত্রী বাদী হয়ে মামলা (নং ১৭ তারিখ ৩১-৮-০৫) দায়েরের পর থেকে জুলহাস পলাতাক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে তিনটায় জুলহাসকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখে। ওই সময় জুলহাসের সাথে হাজত কক্ষে আমিনুল ইসলাম (২৮) নামে চুরি মামলার এক আসামি ছিল।

পুলিশ জানিয়েছে, রাত দশটার সময় হাজতে বদলি পাহারাদার হিসেবে দায়িত্বভার নিতে এসে কনস্টেবল জাহাঙ্গীর হাজতের বাথরুম থেকে জুলহাসের লাশ উদ্ধার করে। হাজতের অপর আসামি আমিনুলকে এ ব্যপারে জিজ্ঞেস করা হলে সে এ ব্যপারে কিছু জানেনা বলে জানায়।