রাজধানীর শীর্ষ সন্ত্রাসী টুটুল যশোরে র্যাবের হাতে গ্রেপ্তার
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী টুটুলকে র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে।
টুটুল তালিকাভুক্ত অপর শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক ও শীর্ষ সন্ত্রাসী টিটনের ছোট ভাই। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পরপরই র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
র্যাব ও সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব--৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা ভোর ৩টার দিকে শহরের খড়কি পশ্চিমপাড়ার ছায়াবীথি নামে একটি ছাত্রাবাসে হানা দেয়। ছাত্রাবাসটির ১০১ নং কক্ষ থেকে তারা টুটুলকে গ্রেপ্তার করে। পরে টুটুলের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তার কারাবালা এলাকার পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়ে ছোট ভাই মিজানকেও গ্রেপ্তার করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে র্যাব যশোর ক্যাম্পের পক্ষ থেকে টুটুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা স্বীকার করা হয়। তবে সে-ই শীর্ষ সন্ত্রাসী টুটুল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের ক্যাম্প ইনচার্জ মেজর জুবায়ের জানান।
ছায়াবীথি ছাত্রাবাসে বসবাসকারী ছাত্ররা জানায়, রোববার দুপুরে স্থানীয় দুই প্রভাবশালী যুবক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছাত্রাবাসে রেখে যায়।
সূত্র জানায়, যোগাযোগ সুবিধার কারণে দেশের শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত করে। এদের অধিকাংশই আবার যাতায়াতকালীন আশ্রয়স্থল হিসেবে যশোরকে ব্যবহার করে থাকে।
