কক্সবাজারে পুত্রবধূর হাতে শাশুড়ী খুন
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুলে পুত্রবধূর হাতে খুন হয়েছে বৃদ্ধা শাশুড়ী। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবাহিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে আবদুস সালামের স্ত্রী রাশেদা বেগম (৩৫) তার শাশুড়ী মর্জিনা বেগমকে (৭০) পাথর দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঘটনার পরপরই রাশেদা পালিয়ে যায়। রামু থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
পুলিশ আরো জানায়, শাশুড়ী ও পুত্রবধূর মধ্যে নানা বিষয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তারই জের ধরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
