চট্টগ্রামে অবৈধ লবণ কারখানা উচ্ছেদ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ আদালত বুধবার অভিযান চালিয়ে নগরীর ফিরিঙ্গিবাজারের একটি অবৈধ লবণ কারখানার স্থাপনা উচ্ছেদ এবং গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের (বিজিএসএল) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করে।
উর্ধ্বতন কর্তৃপক্ষ চাপ ও সিবিএ নেতাদের চাপ সত্ত্বেও টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে আলহাজ সিদ্দিক আহমেদ সওদাগরের মালিকানাধীন জেনুইন সল্ট ফ্যাক্টরি গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন এবং স্থাপনা উচ্ছেদে সক্ষম হয়।
লবণ কারখানায় বিনা অনুমতিতে এক থেকে দেড় বছর ধরে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। কারখানাটি পরিচালনায় বিএসটিআই, বিএসসিআইসি এবং পরিবেশ বিভাগের কোনও অনুমোদন নেই।
অভিযান পরিচালনাকারী দলের একজন অভিযোগ করেন, সিবিএ নেতারা এবং স্থানীয় একটি অপরাধী চক্র অভিযান পরিচালনাকারীদের প্রভাবিত করতে ব্যর্থ হয়ে কারখানা এলাকা ইয়াকুব নগরে যাওয়ার পথে একটি বুলডোজার দু’ঘণ্টা ধরে আটকে রাখে।
সূত্র জানায়, গত এক থেকে দেড় বছরে কারখানাটি বিজিএসলের সাথে যোগসাজশে ২৪ বার্নারে প্রায় সাত হাজার ২০০ ঘণফুট গ্যাস ব্যবহার করেছে, যার মূল্য প্রায় দুই কোটি টাকা।
ওই কারখানায় অপরিচ্ছন্ন উপায়ে এবং অস্বাস্থ্যকর অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল লবণ বাজারজাত করে আসছিল।
ভ্রাম্যমাণ দলের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও কর্মকর্তারা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ দলটি অভিযান চালিয়ে ছয় টন শোধিত ও অশোধিত লবণ উদ্ধার করেছে। এছাড়া ২৪ টি বার্নার, ২০০ ফুট জিআই পাইপ এবং লবণ উৎপাদনের বিভিন্ন উপকরণ আটক করেছে।
