ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন স্থানে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক
ছাত্রলীগের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন স্থানে ছাত্রদল, শিবির ও পুলিশের হামলা এবং আভ্যন্তরীন কোন্দলের জের ধরে সংঘর্ষে ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়। লক্ষ্মীপুরে ছাত্রদল ও শিবিরের হামলায় আহত হয় ৩০ জন, নেত্রকোণার মোহনগঞ্জে পুলিশের লাঠিচার্জে ১০ জন, একই জেলার পূর্বধলায় আভ্যন্তরীন কোন্দলের জের ধরে সংঘর্ষে আহত হয় আরো ১০ জন। এছাড়া মাদারীপুরে ও রাজশাহীতে আভ্যন্তরীন কোন্দলে চার ছাত্রলীগ কর্মী আহত হয়।
বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে বুধবার পুলিশের উপস্থিতিতে ছাত্রদল ও শিবির কর্মীরা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পৃথক তিনটি শোভাযাত্রায় হামলা চালায়।
হামলায় ছাত্রলীগের প্রায় ৩০জন নেতা-কর্মী আহত হয় বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার রামগঞ্জে বুধবার সকালের দিকে ছাত্রলীগের পৃথক তিনটি শোভাযাত্রায় ছাত্রদল ও শিবির কর্মীরা হামলা চালায়। দত্তপাড়া ডিগ্রি কলেজের সামনে, শহরের মধ্যে ও বামুয়া চৌমুহনীতে এ সকল হামলার ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা-কর্মীরা অভিযোগ করেন, ছাত্রদল ও শিবির ক্যাডাররা পুলিশের সহায়তায় বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায়।
বিডিনিউজ নেত্রকোণা প্রতিনিধি জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পৃথক দুটি ঘটনায় ২০ ব্যাক্তি আহত হয়।
মোহনগঞ্জে সকাল ১০টার দিকে ছাত্রলীগ নেতা--কর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করলে পুলিশ মিছিলটিতে বেধড়ক লাঠিচার্জ করে। এতে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তপন দে, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, সিরাজ উদ্দিন, সাইদুর রহমান, তরিকুল ও স্বপন সহ ১০ নেতা-কর্মী আহত হয়।
অপর ঘটনায় পূর্বধলায় ছাত্রলীগ র্যালি বের করলে ছাত্রদল ও যুবদল ক্যাডাররা মোটর সাইকেল চালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। পরে ছাত্রলীগের তিনটি গ্র“প পৃথকভাবে তিনটি র্যালি বের করে। এ সময় তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হয়।
বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে ছাত্রলীগের দুই গ্র“প র্যালি বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয় গ্র“পের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতরা হলো কাওসার ও রুবেল।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে হট্টগোলের মধ্য দিয়ে। হট্রগোলের এক পর্যায় পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় দুজন আহত হয়।
