২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহরণযোগ্য গ্যাস সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় জ্বালানি উপদেষ্টা সমালোচিত

দেশে আহরণযোগ্য গ্যাস সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় বুধবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কঠোর সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সম্প্রতি বলেছেন, দেশে ১০০ টিসিএফ আহরণযোগ্য গ্যাস রয়েছে।

অথচ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইকোনোমিক অ্যাসোসিয়েশন (বিইএ) আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানির সাম্প্রতিক পরিস্থিতি’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে আহরণযোগ্য গ্যাসের পরিমাণ ১৫--১৬ টিসিএফ।

জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিইআরসি কর্তৃক গ্যাসের যৌক্তিক দাম নির্ধারণ, সিস্টেম লস হ্রাস, বাপেক্সের মাধ্যমে গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং গ্যাস রপ্তানি বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভার সমন্বয়ক ও বিইএ’র সভাপতি কাজী খলিকুজ্জামান বলেন, ১০০ টিসিএফ (৩০ টিসিএফ গ্যাস ও ৭০ টিসিএফ কয়লা সম্পদের সমপরিমান) আহরণযোগ্য গ্যাসের যে দাবি জ্বালানি উপদেষ্টা করেছেন, তা সত্য নয়। আর পেট্রোবাংলার জরিপ অনুযায়ী আহরণযোগ্য ১০ টিসিএফ গ্যাসের সহায়তায় ২০১৫ সাল পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

পিডিবি’র সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন কামাল বলেন, জ্বালানি খাতে দেশের এমন উপযুক্ত প্রশাসন প্রয়োজন, যার উপদেষ্টা বা মন্ত্রী মিথ্যা তথ্য প্রদান করে জনগণকে বিভ্রান্ত করবে না।

অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, দূর্বল বাণিজ্যিক জ্বালানি ও ৬০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতির কারণে ২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুত সরবরাহে দেয়া প্রতিশ্র“তি সরকার পূরণ করতে পারবে না।

তিনি বলেন, দূর্বল ব্যবস্থাপনার কারণে দেশের প্রাকৃতিক সম্পদ আশীর্বাদে পরিণত না হয়ে আমাদের দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে।