ঢাকা থেকে ছাপা হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন
বিশ্বখ্যাত ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি এবার বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হতে যাচ্ছে। বিশ্বের ৩১টি শহর থেকে প্রকাশিত পত্রিকাটি ঢাকায় ছাপানো শুরু হলে সকালেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। বর্তমানে ঢাকার পাঠকরা সন্ধ্যায় পত্রিকাটি হাতে পান।
বাংলাদেশে আরো বেশী মানুষের কাছে পৌঁছাতে চায় বলেই বিশ্বের দৈনিক বলে বিবেচিত আন্তর্জাতিক দৈনিকটি এ উদ্যোগ নিয়েছে । আর ঢাকায় হেরাল্ড ট্রিবিউনের গণসংযোগ এবং বিপণন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ৩৬০ আই । এ ব্যাপারে বৃহস্পতিবার ঢাকায় এ দু’ প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বাংলাদেশ লিমিটেড- এর পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম দেলোয়ার হোসেন এবং ৩৬০ আই- এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আমিন সমঝোতা স্মারকে সাক্ষর করেন।
হোটেল শেরাটনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন নেটওয়ার্কের সিনিয়র সাংবাদিক, ৩৬০ আই- এর চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এম পি, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রাজিউর রহমান চৌধুরী প্রমূখ।
চুক্তি সম্পর্কে সৈয়দ রাজিউর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের গুরুত্ব বিবেচনায় ঢাকায় এ পত্রিকা ছাপানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে । হেরাল্ড ট্রিবিউন এবং তার স্বত্ত্বাধিকারী নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষও তাই মনে করে ।
হেরাল্ড ট্রিবিউন এর নির্বাহী সম্পাদক ওয়াল্টার ওয়েলস এর উদ্ধৃতি দিয়ে রাজিউর রহমান চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হলো হেরাল্ড ট্রিবিউনকে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের অপরিহার্য অনুসঙ্গ হিসেবে গড়ে তোলা।
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বাংলাদেশ- এর ব্যবস্থাপনা সম্পাদক এবং সাবেক অতিরিক্ত তথ্য সচিব একেএম দেলোয়ার হোসেন জানান, বাংলাদেশে পত্রিকাটি ছাপার ব্যাপারে সকল আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং অন্য সব প্রস্তুতিও প্রায় শেষ ।
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বিশ্বব্যাপী ছাপানোর সুবিধা এবং বিতরণ ব্যবস্থা ব্যবহার করে এর প্রচার সংখ্যা বৃদ্ধি করে এবং প্রতিদিন নিয়মিত ১৮০টিরও বেশী দেশে সরবরাহ নিশ্চিত করে।
